২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু বিশ্বকাপ জয়ের বিশ্বাসে চিড় ধরেনি নয়ারের

ইদানিং জার্মানির সময়টা ভালো যাচ্ছে না মোটেও। নেশন্স লিগে এখনও জয়শূন্য দলটি; ড্র করেছে টানা তিন ম্যাচ। সব মিলিয়ে টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে অধিনায়ক মানুয়েল নয়ারের বিশ্বকাপ জয়ের বিশ্বাসে এতটুকুও চিড় ধরেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 07:49 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

নেশন্স লিগে শনিবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ১-১ ড্র করে জার্মানি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে জলাৎ নওজের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ইয়োনাস হফমান।

এর আগে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও ১-১ ড্র করেছিল হান্স ফ্লিকের দল। গত মার্চে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও ১-১ ড্র করে তারা। এই প্রথম টানা চার ম্যাচ একই স্কোরলাইনে শেষ করল জার্মানি।

হাঙ্গেরির বিপক্ষে পোস্টের নিচে ভালো পরীক্ষা দিতে হয়েছে নয়ারকে; দারুণ দুটি সেভ করেন তিনি। মাত্র ৩২.৯ শতাংশ বল দখলে রাখলেও ৭টি শট লক্ষ্যে রেখেছিল হাঙ্গেরি, অন্যদিকে লক্ষ্যে জার্মানির শট ছিল মাত্র একটি!

ম্যাচের পর জার্মানি জাতীয় দলের অফিসিয়াল ওয়েবসাইটে আবারও দুই পয়েন্ট হারানোর হতাশা লুকাননি নয়ার। তবে একই সঙ্গে বলেছেন বিশ্বকাপ জয়ের বিশ্বাসে স্থির থাকার কথা।

“অবশ্যই, আমরা সবাই হতাশ। আমাদের সংকল্পে ঘাটতি ছিল এবং আক্রমণে ভুগেছি। হাঙ্গেরির বিপক্ষে খেলা কঠিন, এটাও মানতে হবে।”

“সব সময় বলে আসছি যে আমরা উন্নতি করছি-বিশ্বকাপ জয়ের জন্য দীর্ঘ যাত্রায় আছি। ইতালির বিপক্ষে (পরবর্তী) ম্যাচে আবারও দেখাতে চাই, আমরা কী করতে পারি।”

বরুশিয়া পার্কে আগামী মঙ্গলবার ফিরতি লেগে ইতালির মুখোমুখি হবে জার্মানি। তিনটি করে ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তাদের অবস্থান তৃতীয়।

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে দল অনেক ভুল করেছে বলে মনে করেন জার্মানির কোচ ফ্লিক। শিষ্যদের ভুলগুলো থেকে শেখার তাগিদও দিলেন তিনি।

“ম্যাচের আগে আমি বলেছিলাম, ইংল্যান্ড ম্যাচের পর এটা হবে আমাদের দ্বিতীয় কঠিন লড়াই। হাঙ্গেরি খুবই সুসংগঠিত ছিল এবং আমরা যথেষ্ট দৃঢ়তার সঙ্গে খেলতে পারিনি। আমরা অনেক ভুল করেছি।”

“যেমন আগেও বলেছি, আমরা এখনও উন্নতির মধ্যে আছি। নিশ্চিত করতে হবে যেন আমরা এই ম্যাচগুলো থেকে শিক্ষা নিতে পারি। আমাদের দৃঢ় প্রত্যয়ের অভাব ছিল। আমি কোনো অজুহাত দেখাতে চাই না। আমরা আজ তিন পয়েন্ট চেয়েছিলাম এবং সেটা না পারায় ড্রেসিংরুমে সবাই খুব হতাশ।”