২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইন্সম্যানের মাথায় বিয়ারের কাপ নিক্ষেপ, বুন্ডেসলিগার ম্যাচ পরিত্যক্ত

খুব বিশেষ কিছু না ঘটলে সচরাচর পেশাদার ফুটবলে খেলা চলাকালীন ম্যাচ পরিত্যক্ত করা হয় না। ব্যতিক্রমী কিছু ঘটনা অবশ্য মাঝেমধ্যে দেখা যায়; যেমনটা হলো বুন্ডেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডবাখ ও বোহোমের মধ্যকার ম্যাচে। লাইন্সম্যানকে উদ্দেশ্য করে বিয়ারের প্লাস্টিকের কাপ নিক্ষেপ করায় মাঝপথে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 03:41 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

ঘরের মাঠে শুক্রবারের লিগ ম্যাচটিতে বোহোম ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটে। সমর্থকের ছুঁড়ে মারা বিয়ারের কাপের আঘাতের পর লাইন্সম্যান ক্রিস্টিয়ান গিটেলমানকে তার মাথার পেছনের অংশ ধরে থাকতে দেখা যায়।

খেলা থামিয়ে বিষয়টি খতিয়ে দেখতে যান রেফারি বেনইয়ামিন কোর্টাস। বোহোমের বেশ কয়েকজন খেলোয়াড় তখন তাদের সমর্থকদের ওই কাণ্ডের প্রতিবাদ জানান।

লাইন্সম্যান গুরুতর আহত না হলেও ওই ঘটনার পর রেফারি খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রায় তিন মিনিট পরে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ঘটনাটি ঘটার প্রায় ১৫ মিনিট পর ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষিত হয়।

টুইটারে লাইন্সম্যানের কাছে ক্ষমা চেয়েছে বোহোম।

“আমরা কেবল আনুষ্ঠানিকভাবে লাইন্সম্যান ক্রিস্টিয়ান গিটেলমানের কাছে ক্ষমা চাইতে পারি।”

“আমাদের জন্য এই সন্ধ্যা অত্যন্ত বিব্রতকর ও তিক্ত। এটি একজন নির্বোধ ভক্তের অত্যন্ত মূর্খতাপূর্ণ কাজ।”