২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা প্রশ্নে ‘ইস্তানবুলের দুঃস্বপ্ন’ মনে করালেন আনচেলত্তি

লা লিগার শিরোপা লড়াইয়ে দুর্বার গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে তারা এগিয়ে ১০ পয়েন্টে। এরই মধ্যে তাদের হাতে ট্রফি দেখতে শুরু করেছে অনেকে। তবে দলটির কোচ কার্লো আনচেলত্তির মতে, শিরোপা নিষ্পত্তি হতে এখনও অনেক দেরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 07:55 PM

Updated : 28 Apr 2022, 11:51 PM

একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, এসি মিলানের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়ের কাছে গিয়েও হারের দুঃসহ স্মৃতির কথা। সেই তিক্ত অভিজ্ঞতার কারণে এই দফায় বাড়তি সতর্ক এই ইতালিয়ান কোচ।

লা লিগায় গত সোমবার মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে রিয়াল। ২৮ ম্যাচে তাদের ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

তিন নম্বরে বার্সেলোনার পয়েন্ট ৫১, এক ম্যাচ কম খেলেছে তারা।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লিগ শিরোপার মূল দাবিদার হিসেবে রিয়ালের পক্ষে বাজি ধরার লোকের সংখ্যা বাড়ছে। মায়োর্কা ম্যাচের পর সংবাদ সম্মেলনে লিগের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে রিয়ালের সম্ভাবনা নিয়ে প্রশ্নে আনচেলত্তি টেনে আনেন ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা।

ইস্তানবুলে লিভারপুলের বিপক্ষে ওই ফাইনালে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে শিরোপার সুবাস পেতে শুরু করেছিল আনচেলত্তির তখনকার দল মিলান। এরপর ভোজবাজির মতো বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের মধ্যে তিন গোল হজম করে বসে ইতালিয়ান দলটি। ১২০ মিনিটের লড়াইয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে শিরোপা উল্লাসে মাতে লিভারপুল, স্বপ্নভঙ্গের বেদনায় মাঠ ছাড়ে মিলান।

সেই অভিজ্ঞতার কারণে নিশ্চিতভাবে জেতার আগ পর্যন্ত লা লিগার শিরোপা নিয়ে ভাবতে চান না আনচেলত্তি।

“কিছুই বদলে যায়নি। আমরা সুবিধাজনক অবস্থানে আছি এবং সেটা ভালো, কিন্তু আমাদের ভালো ফর্মে থেকে আন্তর্জাতিক বিরতিতে যেতে হবে।”

“আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, আমি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ৩-০ গোলে এগিয়ে থেকেও হেরেছি। আশা করি, এমনটা আর হবে না।”

বাকি ১০ ম্যাচে আর ছয়টি জয় পেলে এবং অন্য দলগুলোর ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে এলেই স্পেনের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল।

আর তা হলে আগামী মে মাসের শুরুর দিকেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে স্পেনের সফলতম দলটির।