কক্সবাজারে হবে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স
তিনটি খেলার মাঠ ও একটি পূর্ণাঙ্গ ক্রিকেট প্র্যাকটিস মাঠ নিয়ে কক্সবাজারে ক্রীড়া কমপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে এই কমপ্লেক্স করা হবে।
কমপ্লেক্সটিতে থাকবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একটি হকি স্টেডিয়াম। একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ডও থাকছে। প্রায় ৫০ একর জমির ওপর জতে যাওয়া এই কমপ্লেক্সে অন্যান্য খেলাধুলার সুযোগও থাকবে।
কক্সবাজারের একটি হোটেলে রোববার এ বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কমপ্লেক্সের বিস্তারিত গণমাধ্যমকে জানান।
“পশ্চিম দিকে ঝাউবন বেষ্টিত সমুদ্রের দিগন্ত জুড়ে এটি তৈরি হচ্ছে। ভৌগলিক অবস্থানের দিক থেকে প্রাকৃতিক স্থাপনার সাথে খাপ খাইয়ে স্টেডিয়ামের ধারণাটি ‘সাম্পান’ নৌকার আদলে তৈরি করা হচ্ছে। এটি দেখলে মনে হবে- নান্দনিকভাবে সাগরে ৩টি সাম্পান ভাসছে। প্রস্তাবিত ক্রীড়া কমপ্লেক্সের অবস্থান কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ৩ হাজার ৫০০ ফুট দূরে লাবণী বিচ সড়কে অবস্থিত। এই কমপ্লেক্সে ক্রিকেটে ১৫ হাজার, ফুটবলে ১৫ হাজার এবং হকিতে ৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হবে।”
কমপ্লেক্সে থাকবে গ্যালারি, ভিআইপি সুবিধা, রেস্তোরাঁ, মিডিয়া, স্টেডিয়াম প্রশাসন, সেবাকক্ষ, স্টোরেজ, টয়লেট, জিমনেশিয়াম ও ইনডোর অনুশীলনে- প্রধান ইনডোর নেটব্লক, সেবাকক্ষ, টিভি রুম, টয়লেট। একাডেমিতে- ডাইনিং, হলরুম, প্রশাসনিক ভবন, কনফারেন্স ভবন, অডিও-ভিজ্যুয়াল কক্ষ ও দৃষ্টিনন্দন পার্কিংয়ের জায়গাও রাখা হয়েছে।
