২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ

নিখুঁত সার্ভ, দারুণ সব অ্যাটাকে শুরু থেকে মালদ্বীপের উপর ছড়ি ঘোরালো বাংলাদেশ। তৃতীয় সেটে মালদ্বীপ ম্যাচ জমিয়ে তুললো দারুণভাবে। নাইম-সোহান ও জাবিরের নৈপুণ্যে ম্যাচ চতুর্থ সেটে গড়াতে দেয়নি বাংলাদেশ। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে তুলে নেয় টানা দ্বিতীয় জয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 05:39 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৩-০ সেটে হারায় বাংলাদেশ। নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল আলি পোর আরোজির দল।

২৫-১৪ ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি, হেরে যায় ২৯-১৯ পয়েন্টে।

তৃতীয় সেটে জমে ওঠে ম্যাচ। কখনও মালদ্বীপ, কখনও বাংলাদেশ এগিয়ে থেকেছে। এক পর্যায়ে ১৯-১৯ সমতা থাকার পর স্বাগতিকরা এগিয়ে যায় ২১-১৯ ব্যবধানে। দুই পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ২২-২১ করে ম্যাচ জমিয়ে তোলে অতিথিরা। নাটকীয়তার তখনও বাকি। নাইম হোসেন, সোহান শেখ ও সাঈদ আল জাবিরের তিন সফল অ্যাটাকে শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানের জয় পায় বাংলাদেশ।

এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে মেয়েরা আছে হারের বৃত্তেই। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হেরেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে তারা কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল মেয়েরা।

মালদ্বীপের বিপক্ষে তৃতীয় সেট জমে ওঠার কারণ হিসাবে অধিনায়ক হরষিত বিশ্বাস জানালেন নতুনদের পরখ করে নেওয়া। আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যও জানান মালদ্বীপ ম্যাচের সেরা খেলোয়াড়।

“আমরা দুই ম্যাচ জিতেছি। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। টানা দুই জয়ে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। মালদ্বীপের বিপক্ষে তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণ, এই সেটে কোচ নতুন কিছু খেলোয়াড়কে পরখ করেছেন, কেননা আমাদের পরের ম্যাচ (রোববার) শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে।”

“শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল; গত এসএ গেমসে আমরা ওদের বিপক্ষে মাত্র একটা সেট জিততে পেরেছিলাম। এবার যেহেতু আমাদের নিজেদের মাঠে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে এবার আমাদের জয়টা দরকার।”