চিন্তিত শাভির উপলব্ধি, তৈরি করতে হবে নতুন বার্সা
খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা দলের হয়ে পার করেছেন সোনালি সময়। সময়ের পরিক্রমায় এখানেই এখন কোচের দায়িত্বে শাভি এরনান্দেস। তবে নতুন ভূমিকায় আবিষ্কার করছেন এমন এক দলকে যারা নিজেদের হারিয়ে খুঁজছে। ঘোর অমানিশা কাটিয়ে ক্লাবের সুদিন ফিরিয়ে আনতে দৃঢ়প্রত্যয়ী সাবেক এই মিডফিল্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। নেমে গেছে ইউরোপা লিগে।
এর আগে সবশেষ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ২০০০-০১ আসরে। এসি মিলান ও লিডস ইউনাইটেডের পেছনে থেকে তৃতীয় হয়ে উয়েফা কাপে (এখনকার ইউরোপা লিগ) নেমে গিয়েছিল কাতালান ক্লাবটি। আর ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে তারা সবশেষ খেলেছে ২০০৩-০৪ আসরে।
চলতি মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার ধারাবাহিক ব্যর্থতার কারণে গত অক্টোবরের ২৭ তারিখ ছাঁটাই হন তখনকার কোচ রোনাল্ড কুমান। এরপর গত ৬ নভেম্বর নতুন কোচ হিসেবে নিয়োগ পান শাভি।
চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পর রোববার লা লিগায় ওসাসুনার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। আগের দিন শাভির সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠল দলের নাজেহাল অবস্থার কথা। জবাব দিতে গিয়ে তার কণ্ঠে ঝরল হতাশা। বললেন, কোচ হয়ে ফিরে ‘নিরুৎসাহিত’ ড্রেসিংরুম দেখে বিস্মিত হয়েছিলেন তিনি। তবে তার বিশ্বাস, খেলোয়াড়দের সমস্যাটি খেলার চেয়ে বেশি ‘মনস্তাত্ত্বিক’।
“আমাদের পারফরম্যান্সে যা ফুটে উঠছে দলটি তার চেয়ে বেশি মানসম্পন্ন।”
“আমাদের নতুন করে শুরু করা দরকার। মনে হচ্ছে, (খেলোয়াড়দের মধ্যে) এমন একটা কিছু গেঁথে গেছে যে পরাজয় খুব স্বাভাবিক বিষয়। এভাবে চলতে পারে না। দলের প্রতি আমাদের আরও নিবেদিত হতে হবে, চাওয়াটা আরও বেশি হতে হবে, আরও সাহসী হতে হবে, অনেক কাজ করতে হবে। আমাদের অবশ্যই একটি নতুন বার্সা তৈরি করতে হবে।”
বায়ার্নের বিপক্ষে ম্যাচটিতে জয় তো দূরের কথা, ন্যূনতম প্রতিদ্বন্দিতাও গড়তে পারেনি বার্সেলোনা। তৃতীয় গোল হজমের পর খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল যেন নিজেদের সামর্থ্যে বিশ্বাস হারিয়ে ফেলেছেন তারা। হারের আগেই হাল ছেড়ে দেওয়ার এই মানসিকতা হতাশ করেছে শাভিকে। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুদিন ফিরিয়ে আনতে চান তিনি।
“আমি চিন্তিত। আমাদের সামনে কঠোর পরিশ্রম করা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ছন্দে ফিরে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই।”
"বায়ার্নের বিপক্ষে আমি এমন একটি বার্সেলোনা দলকে দেখেছি যারা (মানের দিক থেকে) পিছিয়ে এবং আমাদের তা মেনে নিতে হবে। বার্সার যেখানে থাকা দরকার সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি।”
লা লিগাতেও ভীষণ মলিন বার্সেলোনা। ১৫ ম্যাচে ৬ জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে তারা। মৌসুমের শুরু থেকে নিজেদের হারিয়ে খোঁজা দলটিকে ভোগাচ্ছে একের পর এক চোট সমস্যাও।
দলে নেই সের্হি রবের্তো, জর্দি আলবা, আনসু ফাতি, পেদ্রি, উসমান দেম্বেলে, মার্টিন ব্রাথওয়েট, মেমফিস ডিপাই ও সের্হিও আগুয়েরো।
অর্থনৈতিকভাবেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বার্সেলোনা। কঠিন বাস্তবতা মেনেই দলকে কক্ষপথে ফেরানোর আশা দেখালেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জয়ী শাভি।
“আমাদের সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি ভাবতে হবে এবং কাজ করতে হবে যেন তেমনটা না ঘটে। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং অনুধাবন করতে হবে যে ক্লাব খেলাধুলা এবং অর্থনৈতিক দিক থেকে একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।”
