ড্র নয়, জয়ই লক্ষ্য বাংলাদেশের
দুই রাউন্ড পর জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। ৪ পয়েন্ট করে নিয়ে ফাইনালে খেলার পথে এগিয়ে আছে বাংলাদেশ ও সিশেলস। ১ পয়েন্ট করে পেলেও সুযোগ আছে মালদ্বীপ ও শ্রীলঙ্কার। তবে বাংলাদেশের সামনে সমীকরণ বেশ সহজ, নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই ফাইনাল খেলবে তারা। হারলেও সুযোগ থাকবে। তবে টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বললেন, জিতেই ফাইনালে যাওয়ার লক্ষ্য তাদের।
শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে আগামী মঙ্গলবার স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অপর ম্যাচে লড়বে সিশেলস ও মালদ্বীপ।
সিশেলসের বিপক্ষে ১-১ ড্রয়ের পর মালদ্বীপকে ২-১ গোলে হারানো বাংলাদেশের পয়েন্ট ৪। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সমান পয়েন্ট তুলে নিয়েছে সিশেলসও। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ৪-৪ ড্রয়ে ১ পয়েন্ট করে পায় শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বাংলাদেশ ও সিশেলসের গোল ব্যবধান (+১), মালদ্বীপ ও শ্রীলঙ্কার (-১)।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, পয়েন্ট সমান হলে শুরুতে হেড টু হেড দেখা হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলে অন্য কোনো হিসাব ছাড়াই ফাইনালের টিকেট পাবে বাংলাদেশ।
টিম ম্যানেজার রুপু এতসব হিসাবের মধ্যে যেতে চান না। বাফুফের মাধ্যমে রোববার পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, জয়ের ধারায় থেকেই ফাইনালের মঞ্চে ওঠার লক্ষ্য তাদের।
“এটাই বাস্তবতা যে, প্রতিটি ম্যাচের পর নির্ধারিত হয় পরের পদক্ষেপটা কী হবে। ভেবেছিলাম শ্রীলঙ্কা হয়তো সিশেলসের বিপক্ষে ড্র করবে বা জিতবে, তাহলে আমরা ফাইনালে উঠে যাব। কিন্তু শ্রীলঙ্কা হেরে যাওয়ায় হিসাবটা পুরোপুরি পাল্টে গেছে। আমরা সমীকরণের মধ্যে যাচ্ছি না, শ্রীলঙ্কার বিপক্ষে সামনের ম্যাচে আমাদের একটাই লক্ষ্য, তাদের বিপক্ষে জিতে ফাইনাল খেলা। আমরা যেন শ্রীলঙ্কাকে হারাতে পারি, ফাইনাল খেলতে পারি, সে লক্ষ্য নিয়েই নামব।”
“হেরে গেলে আমাদের অবস্থাটুকু নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। বাইলজের কোন ধাপে গিয়ে কোন দল টিকবে...এখানে অনেক যদি-কিন্তুর জায়গা তৈরি হবে। সেই হিসেবে আমরা যেতে চাই না; আমরা জিতেই ফাইনাল খেলতে চাই। আমার মনে হয়, বাংলাদেশ-শ্রীলঙ্কা থেকে একটা দল, মালদ্বীপ-সিশেলস থেকে আরেকটা দল ফাইনালে যাবে।”
১৮ বছর পর মালদ্বীপকে হারানোর আত্মবিশ্বাস এখন সঙ্গী জামাল-জিকোদের। তবে রুপু দলকে মাটিতেই পা রাখতে বলছেন। সাবেক এই ডিফেন্ডারের মতে, অতিরিক্ত ‘এক্সাইটমেন্ট’ ডেকে আনতে পারে বিপদ।
“কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা তাদের কাছে (মালদ্বীপ) একটা ম্যাচ ২-০ গোলে হেরেছি। এ কারণে হয়তো প্রতিশোধ নেওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছিল। যে কোনো জয়ই আনন্দের। এ জয় মনে হয় ছেলেদের অনেক উদ্বেলিত করেছে। কিন্তু আমরা বারবার তাদের একটা কথা বলতে চেয়েছি, এক্সাইটমেন্ট ভালো কিন্তু অতিরিক্ত এক্সাইটমেন্ট ভালো নয়।”
“এ কারণে ছেলেদের বলেছি, তোমরা নিজেদের সংযত কর। ফাইনাল খেলতে হবে, ফাইনালের জন্য তৈরি হও। সেভাবে ছেলেরা প্রস্তুতি নিচ্ছে। আমি মনে করি ছেলেদের জন্য শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি ‘ফাইনাল’, এটা জিততে পারলে আমরা শিরোপা লড়াইয়ে নামতে পারব।”
চেনা মাঠে, নিজেদের দর্শকের সামনে খেলার সুবিধা পাবে শ্রীলঙ্কা। তবে মাঠের লড়াইয়ে তাদের কোনো সুযোগ দিতে চান না রুপু।
“শ্রীলঙ্কা নিজেদের মাঠে খেলবে, তো হোমে খেলার সুবিধা সবসময় থাকে। খেলাটা মাঠের এবং আমি যেটা বুঝি, আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেই, যেটা আমরা মালদ্বীপকে দেইনি,এ ধরনের অবস্থা তৈরি করতে পারলে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে না। এটা নির্ভর করবে, মাঠে আমরা কেমন করছি। খেলোয়াড়দের সে অনুযায়ী বলেছি। তারা চেষ্টা করছে, আশা করি তারা প্রতিদান দেবে।”
