পিএসজি কোচের ‘পর্যবেক্ষণে’ মেসির অভিষেক
বার্সেলোনা থেকে লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে সবার নজর নতুন ক্লাবের হয়ে ফুটবল মহাতারকার অভিষেকের দিকে। গুঞ্জন চলছে, লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে তার। সরাসরি কিছু না বললেও দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো জানিয়েছেন, সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন তারকার স্কোয়াডে থাকার।
চলতি মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। এর কিছু দিন পর অনুশীলন শুরু করেন। কোপা আমেরিকার পর থেকে মাঠের বাইরে থাকায় ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে মাঠে নামানো নিয়ে তাড়াহুড়ো নেই পচেত্তিনোর।
কিন্তু পিএসজি সমর্থকদের যে তর সইছে না সময়ের সেরা ফুটবলারকে নিজ দলের হয়ে খেলতে দেখার জন্য। ইতোমধ্যে শেষও হয়ে গেছে ব্রেস্তের বিপক্ষে তাদের শুক্রবারের ম্যাচের সব টিকেট।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পচেত্তিনোকে প্রশ্ন করা হয়েছিল মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচ নিয়ে। লিগে পরবর্তী ম্যাচের স্কোয়াডে মেসি থাকছেন কি না, ৪৯ বছর বয়সী কোচ পরিষ্কার করে কিছুই বলেননি!
“মেসি স্কোয়াডে থাকবে কিনা, সেটা আমরা পর্যালোচনা করছি।…মেসি কি করতে পারে, তা সবাই জানে, আমরা ইতোমধ্যেই জানি তার উপস্থিতি কি প্রতিনিধিত্ব করে। সবকিছু ইতিবাচক আছে, দলের পরিবেশ খুব ভালো এবং সে খুব দ্রুত মানিয়ে নিয়েছে।”
“আমি তাকে খুব অনুপ্রাণিত দেখছি। কিলিয়ান আমাদের খেলোয়াড় এবং আমি এই মৌসুমে তাকে এখানেই দেখছি।”
লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিনে আছে পিএসজি।
