বাঁচা-মরার ম্যাচে উজাড় করে দেওয়ার তাগিদ কাসেমিরোর
নিজেদের ভাগ্য অন্যের হাতে ছেড়ে দিতে একদমই নারাজ কাসেমিরো। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়েই টিকে থাকার সমীকরণ মেলাতে চান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থদের নিজেদের উজাড় করে দেওয়ার তাগিদ দিলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ঘরের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় জার্মান দলটির মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল।
৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মনশেনগ্লাডবাখ, ৭ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে শাখতার দোনেৎস্ক ও রিয়াল। ৫ পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার মিলান। চার দলেরই নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে, সব দলেরই গ্রুপ থেকে বিদায় নেওয়ারও শঙ্কা আছে।
জিতলে আর কিছু নিয়ে ভাবতে হবে না ১৩বারের চ্যাম্পিয়ন রিয়ালের। ড্র করলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে ইন্টারের বিপক্ষে হারতে হবে শাখতারকে। হারলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটিকে।
মনশেনগ্লাডবাখের মাঠে প্রথম লেগে ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলের হার এড়িয়েছিলেন কাসেমিরো। ফিরতি পর্বে মাঠের নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানালেন, জিতেই শেষ ষোলোয় যেতে চান তারা।
“শুধু আমি নই, সবাই আগামীকালের ম্যাচকে দেখছে ফাইনাল হিসেবে…আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আগামীকালও প্রস্তুতি নেব। আগামীকাল মাঠে নিজেদের নিংড়ে দিতে হবে।”
“আমরা ম্যাচের গুরুত্ব সম্পর্কে জানি। এখন পর্যন্ত এটি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে আমাদের উজাড় করে দিতে হবে। প্রতিপক্ষকে সমীহ করতে হবে ঠিকই, তবে আমরা জানি এটা আমাদের হাতে।”
গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে মুখোমুখি হবে ইন্টার-শাখতার।
