স্পেনের ৬, নাদালের ৫
রাফায়েল নাদাল ও রবের্তো বাউতিস্তা আগুতের নৈপুণ্যে ফাইনালে কানাডাকে হারিয়ে ডেভিস কাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রতিযোগিতায় স্পেনের এটি ষষ্ঠ ও নাদালের পঞ্চম শিরোপা।
মাদ্রিদে রোববার শিরোপা লড়াইয়ে দ্বিতীয় এককে ডেনিস শাপোভালভকে ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে নাদাল হারালে ২-০ ব্যবধানে স্পেনের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে ১৯ বছর বয়সী আলিয়াসিমাকে ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন বাউতিস্তা।
৩১ বছর বয়সী বাউতিস্তার জন্য এই জয় ছিল অনেক আবেগঘন। বাবার মৃত্যুর তিন দিন পর দলে ফিরে দেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ৩১ বছর বয়সী।
নতুন নিয়মে হয়েছে দলগত টেনিসের এই প্রতিযোগিতার এবারের আসর। এক সপ্তাহ ধরে চলা শিরোপা লড়াইয়ে এবার ১৮টি দল অংশ নেয়। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের পর হয়েছে নকআউট রাউন্ড।
‘টেনিসের বিশ্বকাপ’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বার জিতেছে অস্ট্রেলিয়া।
