ক্লাবের ক্যাসিনোতে টাকার ছড়াছড়ি, দল গড়ার টাকা নেই!
শেষ কবে মোহামেডান লিগ শিরোপা জিতেছে? প্রশ্নটা শুনলে থমকে যেতে হয়। শত বছরের পুরনো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব কিংবা পথচলার শুরুতে সাড়া জাগানো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অবস্থাও এখন একই রকম।
এরকম আরও কিছু ক্লাব আছে, খেলাধূলায় অবস্থান পড়তির দিকে বলে গণমাধ্যমের তাদের নাম তেমন আর আসে না; অথচ ক্যাসিনোকাণ্ডে তারাই এখন সংবাদের শিরোনাম।
ঢাকার কয়েকটি ক্লাবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালানোর পর দেখা গেল, ক্লাবের ভেতরে নেই খেলার কোনো সামগ্রী, নেই খেলোয়াড়। তার বদলে আধুনিক নানা সরঞ্জামে সেখানে রমরমা হয়ে উঠেছে জুয়ার আসর।
অবৈধ ক্যাসিনোতে প্রতি রাতে অর্থের ছড়াছড়ি এবং তার ভাগ ক্লাব পরিচালকদের কারও কারও পকেটে গেলেও এই ক্লাবগুলোর অধিকাংশই বিভিন্ন লিগের জন্য খেলোয়াড় ভিড়িয়ে দল গড়তে পারে না। আর সেজন্য কারণ দেখানো হয় অর্থাভাব!
আরামবাগ ক্রীড়া সংঘে পাওয়া ক্যাসিনোর সরঞ্জাম
পরে কলাবাগান ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবে চালানো অভিযানেও একই চিত্রের দেখা মেলে।
এক সময় ঢাকার মাঠে যাদের ছিল দাপট, সেই মোহামেডান গত কয়েক মৌসুম ধরে মাঝারি মানের দল সাজাচ্ছে, যেন শীর্ষ লিগে টিকে থাকাই লক্ষ্য।
শক্তিশালী দল গঠন করতে না পারার জন্য ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্টরা বরাবরই বলে আসছিলেন টাকার অভাবের কথা। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে এখন জানা যাচ্ছে, ক্লাবটির অন্যতম পরিচালক লোকমান হোসেন ভু্ঁইয়া ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা বিদেশেও পাচার করেছেন।
টাকা নেই শুনতে হয়েছে ভিক্টোরিয়া ক্লাবের খেলোয়াড়দের। পাওনা আদায়ে ২০১৬ সালে বিসিবির দুয়ারে যেতে হয়েছে এই ক্লাবের ক্রিকেটারদের।
ক্লাবগুলো ঘিরে সাম্প্রতিক সময়ের নেতিবাচক খবর দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অশনি সঙ্কেত মনে করছেন ক্রীড়ামোদীরা। তারা উদ্বিগ্নও।
মোহামেডান স্পোর্টিং ক্লাব
ঐতিহ্যবাহী দলটির সেরা সময় পড়ে গেছে বিস্মৃতির আড়ালে। ২০০৭ সালে শুরু হওয়া ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা শিরোপা জেতেনি কখনও।
অবিশ্বাস্য হলেও সত্যি, ১৯ বার শিরোপা জয়ী দলটি ফুটবলে দেশের শীর্ষ পর্যায়ে গত ১৭ বছরে জেতেনি কোনো শিরোপা। ২০০৭ সালে শুরু হওয়া পেশাদার লিগে তিন বার রানার্সআপ হওয়াই সাম্প্রতিক সময়ে তাদের সেরা সাফল্য। গত লিগের পারফরম্যান্স তো ছিল যাচ্ছেতাই, ১৩ দলের মধ্যে নবম হয়েছিল মোহামেডান।
লিগের বাইরে অবশ্য কখনও কখনও হঠাৎ করে শিরোপা সাফল্য এসেছে মোহামেডানের । ২০১৪ সালে তারা জিতেছিল স্বাধীনতা কাপ।
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিততে পারেনি মোহামেডান। ঢাকা লিগে ২০১৪-১৫ আসর থেকে তাদের সেরা ফল পঞ্চম হওয়া! ২০০৯-১০ আসরে এই টুর্নামেন্টে সবশেষ শিরোপা জিতেছিল মোহামেডান।
হকিতে অনেক নাটকীয়তার পর মেরিনার ইয়াংসকে পেছনে ফেলে ২০১৮ সালের লিগ শিরোপা জেতে মোহামেডান। গত সাত বছরের মধ্যে এটাই হকিতে তাদের একমাত্র শিরোপা।
প্রিমিয়ার ডিভিশন দাবায় সবশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান পরের বছর হয়েছিল রানার্সআপ। এরপর আর এ প্রতিযোগিতায় অংশ নেয়নি তারা।
চির প্রতিদ্বন্দ্বী আবাহনী থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে মোহামেডান। সাফল্যের সিঁড়ি বেয়ে মতিঝিলের ক্লাবটিকে পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে আবাহনী।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
শত বছরের পুরনো ক্লাব ভিক্টোরিয়া ক্রিকেট কিংবা ফুটবলের কোনোটাতেই এখন খেলে না শীর্ষ লিগে। পেশাদার লিগ চালু হওয়ার পর শীর্ষ পর্যায়ে কখনও খেলেইনি তারা।
দ্বিতীয় স্তরের লিগ বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশিপ লিগেও দলটির অবস্থা ভালো নয়। প্রিমিয়ার লিগে উঠে আসার এই প্রতিযোগিতায় ২০১৮-১৯ মৌসুমে পঞ্চম, তার আগেরবার তৃতীয় ও ২০১৬ সালে ষষ্ঠ হয়েছিল দলটি।
প্রিমিয়ার লিগ হকির গত মৌসুম তারা শেষ করেছিল ষষ্ঠ স্থানে থেকে।
একটু ভালো করছিল ক্রিকেটে। ২০১১-১২ মৌসুমে শিরোপা জিতেছিল ভিক্টোরিয়া। পরের আসরগুলোতেও ছিল আলোচনায়। ২০১৫-১৬ মৌসুমে লিগের প্রথম পর্ব শেষ করেছিল শীর্ষে থেকে। তবে সুপার সিক্সে একেবারেই ভালো করতে পারেনি। এর পরের আসরে সবার নিচে থেকে শেষ করে নেমে যায় প্রথম বিভাগে।
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব
ক্রীড়াঙ্গনে এখন ভুলে যাওয়া এক দল ওয়ান্ডারার্স। ২০০৩-০৪ মৌসুমে শেষবার ফুটবলের শীর্ষ লিগে খেলেছিল তারা। এখন শীর্ষ লিগ তো দূরের কথা, ক্রিকেট-ফুটবলে কোনো পর্যায়েই আর খেলে না দলটি। হকিতেও একই দুর্দশায় তারা। ২০১৮ সালের লিগে ১১ ম্যাচের ১০টিতে হেরে অবনমিত হয়ে যায় তারা।
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব
এক সময়ের ‘ডার্কহর্স’ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এখন পুরোই আঁধার। কোথাও নেই আলোর রেখা।
১৯৮৮ সালে দলটি উঠে আসে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে। লিগে নিজেদের সেরা সাফল্য পায় ১৯৯৫ সালে, হয়েছিল চতুর্থ। ২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর আর শীর্ষ পর্যায়ে খেলতে পারেনি তারা।
দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হলেও অর্থাভাবে ২০১৭ সালের লিগে খেলতে অনীহা জানায় দলটি। সেসময় পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী ফকিরেরপুল নিয়ে বলেছিলেন, “আর্থিক ও সাংগঠনিক কারণে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব আমাদের কাছে আবেদন করেছে যে, তারা আসন্ন লিগে খেলার জন্য দল গড়তে পারছে না এবং তারা খেলতে চায় না।”
সেই চ্যাম্পিয়নশিপ লিগের গত মৌসুমে সপ্তম হয়েছে দলটি। বাকি সব খেলায় পুরোপুরি অপরিচিত ফকিরেরপুলের নাম।
আরামবাগ ক্রীড়া সংঘ
২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসার পর থেকে শীর্ষ পর্যায়ের ফুটবলে নিয়মিত আরামবাগ। ২০১৮ সালে স্বাধীনতা কাপ জিতেছিল তারা। পঞ্চম স্থানে থেকে গত লিগ শেষ করা দলটি এর আগেরবার হয়েছিল অষ্টম। অন্য কোনো খেলায় নেই কোনো সাফল্য।
মুক্তিযোদ্ধা সংসদে ক্যাসিনো
দুই যুগ আগে আবাহনী-মোহামেডান-ব্রাদার্সকে চ্যালেঞ্জ করে নিজেদের শক্তির জানান দিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়কে টেনে গড়েছিল তারকাসমৃদ্ধ দল।
মাঠে সেভাবে সাফল্য না পেলেও তখন আলোচনায় ছিল ক্লাবটি। এখন খেলোয়াড়দের বেতন বকেয়া রেখে প্রায়ই শিরোনামে আসে দলটি।
পেশাদার লিগ নামকরণের চার বছর আগে ২০০৩ সালে লিগের সর্বশেষ শিরোপা জেতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গত আসরে সপ্তম হওয়া দলটি তার আগেরবার লিগ শেষ করেছিল ১২ দলের মধ্যে একাদশ হয়ে।
দিলকুশা স্পোর্টিং ক্লাব
ফুটবলে নিকট অতীতে দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাফল্য বলতে প্রথম বিভাগে ওঠা। হকির প্রথম বিভাগে ১০ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠেছে দলটি। জাতীয় মহিলা হ্যান্ডবলের গত আসরে চতুর্থ হয়েছিল তারা।
