বার্সাতেই নতুন চুক্তির অপেক্ষায় রাকিতিচ
সংবাদ মাধ্যমে খবর, বার্সেলোনার ইভান রাকিতিচকে পেতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব। তবে জানুয়ারির দল-বদলের শেষ দিনে ক্রোয়াট মিডফিল্ডার আবারও জানিয়েছেন কাম্প নউয়েই থাকতে চান তিনি।
গুঞ্জন ছিল, শীতকালীন দল-বদলে আর্সেনাল, চেলসি বা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাতে পারেন ৩০ বছর বয়সী রাকিতিচ। অবশ্য বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ক্রোয়েশিয়াকে গত বছর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ফুটবলারের।
২০১৪ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দেওয়া রাকিতিচ চলতি মৌসুমে লা লিগায় একটি বাদে দলের সবগুলি ম্যাচেই মাঠে নেমেছেন। বুধবার ঘরের মাঠে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি। এ সময় রাকিতিচ বার বার তার ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠার কথা উল্লেখ করেন।
“এখানে আসার পর থেকে, জানি না কত বার আমি ক্লাব ছেড়েছি এবং ফিরেছি। এখানে আমি খুব সুখে আছি। আর আমার লক্ষ্য আরও দীর্ঘ সময় এখানে থাকা।”
“কয়েক দিন আগে আমি সভাপতিকে (বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ) আমার চুক্তি নবায়ন নিয়ে কাজ শুরু করার কথা হালকা মনে করে দিলাম!”
