ফরোয়ার্ডরা জ্বলে না ওঠায় উদ্বেগ নেই সুইডেনের
ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে সুইডেনের শুরুর একাদশে খেলার সম্ভাবনায় থাকা দুই ফরোয়ার্ড মিলে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন মাত্র এক গোল। তবে তাতে দলটির উদ্বেগের কিছু দেখছেন না সুইডিশ ফুটবল বিশেষজ্ঞ বয়ান দিওরদিচ।
ম্যানচেস্টার ইউনাইটেড, রেঞ্জার্স ও রেড স্টার বেলগ্রেডের সাবেক মিডফিল্ডার দিওরদিচের মতে, সুইডেন দলে মার্কাস বার্গ ও ওলা তইভনেনের ভূমিকা গোল করার চেয়েও বেশি কিছু।
এ ব্যাপারে রয়টার্সকে দিওরদিচ বলেন, "আপনি যখন ৪-৪-২ ফর্মেশনে খেলবেন বা যে ফর্মেশনটায় সুইডেন খেলে তাতে স্ট্রাইকাররাই সবচেয়ে বেশি ভোগে, যখন তারা আক্রমণে যায়।"
"এই ধরনের এক বা দুটি সুযোগে গোল করার চাপটা ফরোয়ার্ডদের জন্য বেশি হয়ে যায়। তবে মানুষ আসলে বোঝে না ইয়ান (সুইডেনের কোচ) তার দলটাকে কিভাবে খেলাতে চান।"
শনিবার সামারায় বাংলাদেশ সময় রাত ৮টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।
এই ম্যাচে কে জিতবে-এমন এক প্রশ্নের জবাবে দিওরদিচ তার ভবিষ্যদ্বাণীতে এগিয়ে রাখেন নিজের দেশ সুইডেনকে।
