২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

রোনালদোর গোল নিয়ে ‘প্রশ্ন’ ফাব্রেগাসের, মেসির প্রতি সহানুভূতি

রাশিয়া বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদোর দুই ম্যাচে করা ৪ গোল বিশেষ গুরুত্ব পাচ্ছে না সেস ফাব্রেগাসের কাছে। আর্জেন্টিনার ‍খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পেছনে দলটির সেরা তারকা লিওনেল মেসির দায়ও দেখছেন না স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2018, 05:49 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

এবারের বিশ্বকাপে স্পেন দলে সুযোগ না পাওয়া ফাব্রেগাস বিবিসি স্পোর্টের কলামে লিখেছেন, স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ দুই ম্যাচে রোনালদোর করা ৪ গোল এসেছে “সেট-পিস, পেনাল্টি এবং (প্রতিপক্ষের) ভুলগুলো থেকে।”

বার্সেলোনার সাবেক সতীর্থ মেসির প্রশংসা করলেও আইসল্যান্ডের সঙ্গে ড্র ও ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে আগেভাবে বিদায় নেওয়ার শঙ্কায় থাকা আর্জেন্টিনার মানের ঘাটতি নিয়ে হতাশা জানান ফাব্রেগাস।

“ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও মেসির জন্য একই গল্প ছিল কিন্তু এটা তার ত্রুটি ছিল না। যেটা আমি আর্জেন্টিনার হারের পর টিভি বিশ্লেষণে বলেছি…তাদের ভেঙে পড়া দলের মতো দেখাচ্ছিল।”

“তাই এটা আসলেই তার (মেসি) জন্য ভীষণ কঠিন। সে তার পেছনে মানসম্পন্ন খেলোয়াড় পায়নি যখন তাকে সাহায্য করা ও খেলাটা তৈরি করে দেওয়ার জন্য তার কাউকে দরকার ছিল।”

বার্সেলোনায় মেসির সঙ্গে খেলা ফাব্রেগাস মনে করেন দলের জন্য রোনালদোকে কঠোর পরিশ্রম করতে হয়নি এবং যার কারণে তিনি নিজেকে মেলে ধরতে পেরেছেন।

“বর্তমানে ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ভিন্ন ভূমিকা পালন করছে- সে মূলত আক্রমণভাগে থাকে এবং মাঠ জুড়ে বলের পেছনে তাকে আপনি ছুটতে দেখেন না।”

“রাশিয়া বিশ্বকাপে আসা খেলোয়াড়দের মধ্যে সে অন্যতম বড় নাম, গোলের হিসেবে সে খুবই ভালোভাবে এ বিশ্বকাপ শুরু করেছে…এ পর্যন্ত ৪ গোল করেছে।”

“হ্যাঁ, সে ভালো খেলছে, কিন্তু আপনি যদি আসলেই দেখেন যে সে কী করেছে। সে একটা পেনাল্টি থেকে, একটা ফ্রি-কিক থেকে, একটা কর্নার থেকে গোল করেছে এবং একটা গোল করেছে এমন শট থেকে যা দাভিদ দে হেয়ার সেভ করা উচিত ছিল। আপনি বলতে পারেন না সে এবং পর্তুগাল দারুণ সমন্বিত ফুটবল বা তিকি-তাকা ফুটবল খেলে দারুণ গোল করেছে।”

“আপনাকে অবশ্যই তার প্রশংসা করতে হবে কিন্তু তার গোলগুলো এসেছে সেট-পিস, পেনাল্টি বা ভুলগুলো থেকে।”

নকআউট পর্বে যাওয়ার কোনো আশা বাঁচিয়ে রাখতে হলে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে অবশ্যই নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে। অন্যদিকে সোমবার ইরানের বিপক্ষে ম্যাচে ১ পয়েন্ট পেলে শেষ ষোলোয় উঠবে পর্তুগাল।