মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের
মালদ্বীপকে হারিয়ে এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপে সেরা হতে চায় বাংলাদেশ। তবে মালদ্বীপকে সহজ প্রতিপক্ষ মনে করছেন না অধিনায়ক হরসিত বিশ্বাস।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল। নেপালকে হারিয়ে শুরু করা বাংলাদেশ দারুণ উজ্জীবিত। অন্যদিকে, ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া মালদ্বীপ রয়েছে কোণঠাসা অবস্থায়।
রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়েছে তুর্কমেনিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে আসা নেপাল।
মালদ্বীপের জন্য তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শেষ সুযোগ। তবে বাংলাদেশ অধিনায়ক হরসিত বিশ্বাস মালদ্বীপকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চান না।
“মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। গত আসরে মালদ্বীপকে হারিয়েছিলাম। এবারও আমাদের লক্ষ্য তাদের কোনো সুযোগ না দিয়ে ম্যাচ জেতা।”
“নেপালের চেয়ে মালদ্বীপ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। তবে বড় টুর্নামেন্টে অনেক কিছুই হতে পারে। তাই আমরা কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না। কোচের নির্দেশনা মেনে খেলতে পারলে ম্যাচ জেতা খুবই সম্ভব।”
