২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে মেসিরাও

গণভোটে বাধা দেওয়ার অভিযোগে কাতালানদের ধর্মঘটের সঙ্গে সংহতি জানিয়ে বার্সেলোনা খেলোয়াড়দের অনুশীলন ও ক্লাবের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 01:53 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

স্পেন থেকে কাতালানদের আলাদা হতে চাওয়ার দাবির সঙ্গে সংহতি জানিয়ে মঙ্গলবার ক্লাব বন্ধ থাকবে বলে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়। মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক কোনো দলের অনুশীলন হবে না। বন্ধ থাকবে কাম্প নউয়ের জাদুঘরও।

স্বাধীনতার প্রশ্নে কাতালানদের গত রোববারের গণভোটে বাধা দেয় স্পেনের কেন্দ্রীয় সরকার। কাতালান কর্তৃপক্ষের দাবি, স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট পড়েছে। তবে গণভোটকেই অবৈধ বলছে স্পেনের কেন্দ্রীয় সরকার। ওই দিনই দর্শকশূন্য মাঠে লা লিগার ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা।

বার্সেলোনা মাচটি স্থগিত করতে চেয়েছিল। কিন্তু লিগ কর্তৃপক্ষ পয়েন্ট কাটার হুমকি দিলে শেষ পর্যন্ত দর্শকশূন্য মাঠে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয় কাতালান ক্লাবটি।

পরের দিন বোর্ড সভার পর বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানান, কাতালানরা স্বাধীনতা পেলে বার্সেলোনা লা লিগায় থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে ৩৩ বার।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের ৭৫ লাখ জনগোষ্ঠীর কাতালুনিয়ার ভাষা ও সংস্কৃতি আলাদা।