নেপালের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
তিন গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করল বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। নেপালের কাছে ৪-২ ব্যবধানে হেরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়েছে বাংলাদেশের।
নিজেদের মাঠ এএনএফএ কমপ্লেক্সে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ওঠা নেপাল। রনদিপের নিচু ক্রসে আকাশ বুদ্ধ মাগার গোলমুখ থেকে সহজে লক্ষ্যভেদ করেন।
৩০তম মিনিটে ডিফেন্স আর গোলরক্ষকের হাস্যকর ভুলে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। বাঁ দিক থেকে আসা ক্রসে নেপালের এক খেলোয়াড় হেড করার পর বল গোলমুখ থেকে বিপদমুক্ত করেননি ডিফেন্ডার সাদেকুজ্জামান; ইমন হাওলাদার গ্লাভসবন্দী করতেও ব্যর্থ হন। দৌড়ে এসে ব্যবধান দ্বিগুণ করেন আকাশ।
তবে দুই মিনিটের মধ্যে ফয়সালের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭২তম মিনিটে ফয়সালের ছোট ফ্রি কিক মিরাজ থামানোর পর ফয়সালেরই নেওয়া শট ঠিকানা খুঁজে পায়। এরপর ডি বক্সের জটলার মধ্যে থেকে স্কোরলাইন ৩-২ করেন তিনি।
যোগ করা সময়ে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ দেয় বাংলাদেশ। কিন্তু প্রতিআক্রমণ থেকে স্কোরলাইন ৪-২ করেন ব্রিজেশ চৌধুরি।
ফয়সালের হ্যাটট্রিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
