হিগুয়াইনের গোল রোনালদোর হ্যাটট্রিকের জবাব নয়
মোনাকোর জালে ২ গোল সাবেক সতীর্থ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের জবাব ছিল না বলে জানিয়েছেন ইউভেন্তুস স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থেকেই মোনাকোর মাঠে দলের জয়ে ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।
আগামী মাসে কার্ডিফে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল লড়াই রিয়াল-ইউভেন্তুস মধ্যকার হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেমি-ফাইনালের প্রথম লেগে জয় পেয়ে এই পথে অনেকটাই এগিয়ে আছে দল দুটি।
মোনাকোর মাঠে বুধবার শেষ চারের প্রথম লেগে হিগুয়াইনের জোড়া গোলে ২-০ ব্যবধানের জয় পায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। কাম্প নউয়ে আগের দিন রোনালদোর হ্যাটট্রিকে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল।
রিয়াল মাদ্রিদে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত রোনালদোর সতীর্থ ছিলেন আর্জেন্টিনার হিগুয়াইন। সেমি-ফাইনালে জ্বলে ওঠার ক্ষেত্রে সাবেক এই সতীর্থকে দেখে অনুপ্রাণিত হলেন কি-না, এমন প্রশ্ন উড়িয়ে দিলেন এই আর্জেন্টাইন।
ইতালিয়ান ক্রীড়া দৈনিক কোরিয়েরে দেল্লো স্পোর্তকে হিগুয়াইন বলেন, “না, অন্যদের চিন্তা করা ছাড়া আমি আমার সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করি।”
“আমরা দারুণ একটি লক্ষ্যের খুব কাছে চলে এসেছি এবং এখন আমাদের কেবল নিজেদের যত্ন নিতে হবে।”
ফাইনালে রিয়ালের সঙ্গে দেখা হলে সাবেক সতীর্থদের সঙ্গে দেখা হবে ইউভেন্তুসের দু্ই খেলোয়াড় হিগুয়াইন ও সামি খেদিরার। তবে এই পুনর্মিলনীর চেয়ে ফাইনাল ওঠা নিয়েই বেশি ভাবনা হিগুয়াইনের।
বার্লিনে ২০১৫ সালে ইউরোপ সেরার ফাইনালে বার্সেলোনার কাছে হেরে স্বপ্ন ভেঙ্গেছিল ইতালির এই ক্লাবের।
তবে চলতি মৌসুমে দারুণভাবে এগিয়ে চলছে তারা। সামনে আছে ট্রেবল শিরোপা জয়ের হাতছানি। হাতের নাগালেই টানা ষষ্ঠ সেরি আ শিরোপা। লাৎসিওকে হারাতে পারলে ঘরে তোলা হবে কোপা ইতালিয়ার শিরোপাও।
হিগুয়াইন বলেন, “আমরা কেমন শক্তিশালী, এটা আমরা বুঝতে পারছি। আমরা জানি, আমরা যে কারোর বিপক্ষেই লড়তে পারবো। আমরা তিনটি লক্ষ্য পূরণের একেবারে নিকটে আছি এবং আশা করছি আমরা এগুলোর শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো। এটাই (আমাদের) সবটুকু দিয়ে খেলার সময়। আমরা আশা করি, এটা একটি স্বপ্নের মৌসুম হবে।”
