রেকর্ড গড়ায় সেরেনার বাধা বোন ভেনাস
ক্রোয়েশিয়ার মিরিয়ানা-লুচিচ বারোনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের রেকর্ড গড়তে মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়ের শেষ বাধা তারই বড় বোন ভেনাস উইলিয়ামস।
এ নিয়ে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নবম বারের মতো মুখোমুখি হবেন দুই বোন। বৃহস্পতিবার মেলবোর্নে সেমি-ফাইনালে রীতিমত দ্যুতি ছড়িয়েছেন তারা।
২০০৯ সালের পর প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার পথে ত্রয়োদশ বাছাই ৩৬ বছর বয়সী ভেনাস স্বদেশি কোকো ভ্যানডিওয়েকে ৬-৭, ৬-২ ও ৬-৩ গেমে হারান।
পরের সেমি-ফাইনালে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে সেমি-ফাইনালে বারোনিকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন সেরেনা।
বোনকে হারাতে পারলে টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন ৩৫ বছর বয়সী সেরেনা। তবে ফাইনালের প্রতিপক্ষ বোন ভেনাসকে নিয়ে গর্বিত ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।
“সে আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এখন পর্যন্ত কেউ আমাকে ভেনাসের মতো এতবার হারাতে পারেনি।”
ভেনাস লড়বেন অস্ট্রেলিয়া ওপেনের প্রথম শিরোপা জয়ের জন্য। তার আটটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার শেষটি ছিল ২০০৮ সালের উইম্বলডন।
ছোটো বোনের সঙ্গে শেষবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ভেনাস খেলেছিলেন ২০০৯ সালের উইম্বলডনে। সেবার সরাসরি সেটে জিতেছিল সেরেনা।
সেরেনার গুণমুগ্ধ ভেনাস ফাইনালে ওঠার পর বলেন, “যেভাবে সে বল মারে এবং সে যে ধরনের প্রতিদ্বন্দ্বী, তাতে সেরেনার টেনিস খেলা দেখাটা অবিশ্বাস্য লাগে।”
