২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইপিএলের প্রতিদ্বন্দ্বী হতে পারে চাইনিজ সুপার লিগ’

চীনে পাড়ি জমানো অস্কারের বিশ্বাস, তারকা ফুটবলাররা এশিয়ায় আসতে থাকলে চাইনিজ সুপার লিগ (সিএসএল) ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 09:56 PM

Updated : 19 Aug 2022, 03:26 PM

ব্রাজিলের এই তারকা মিডফিল্ডার গত ডিসেম্বরে রেকর্ড ৬ লাখ ইউরোতে চেলসি থেকে সাংহাই এসআইপিজিতে যান। একই ক্লাবে আছেন অস্কারের স্বদেশি হাল্ক ও পর্তুগিজ কোচ আন্দ্রে-ভিয়াস বোয়াস।

শুধু অস্কারই নন, চীনের সুপার লিগের দলগুলোতে এরই মধ্যে নাম লেখিয়েছেন অনেক তারকা ফুটবলার। এদের মধ্যে রয়েছেন কার্লোস তেভেস, আক্সেল উইটসেল, রামিরেস, আলেক্স তেইশইরা, এসেকিয়েল লাভেস্সি, জন ওবি মিকেল, গ্রাৎসিয়ানো পেল্লে, বুরাক ইলমাজ, পাওলিনিয়ো, রেনাতো আউগুস্তো, ফ্রেদি গুয়ারিন এবং জাকসন মার্তিনেস।

অস্কারের মত, ভবিষ্যতে এভাবে বিনিয়োগ অব্যাহত রাখলে আকর্ষণীয় সিএসএল আরও ভাল করবে। 

স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “তারা যদি এই ধারা অব্যাহত রাখে, হ্যাঁ এটা হবে। কারণ তাদের ভালো ভালো অনেক প্রকল্প আছে।"

“অবশ্যই খেলোয়াড়দের দিক থেকে বিশ্বে প্রিমিয়ার লিগের অবস্থান উপরে। কিন্তু চীনা মানুষজন অনেক ভাল। তারা নতুন খেলোয়াড়দের অনেক সহযোগিতা করে। আমি মনে করি, তারা এমনটা চালিয়ে যাবে। কেননা আমিও সহযোগিতা করতে এসেছি।"

এই লিগকে আরও শক্তিশালী করার জন্য খেলোয়াড়দের টানতে চীনের ক্লাবগুলো আরও প্রচুর অর্থ ব্যয় করবে বলে মনে করেন অস্কার।