ব্রাজিলের জেসুসের অপেক্ষায় গুয়ার্দিওলা
ব্রাজিলিয়ান লিগ জিতে পালমেইরাস পর্ব শেষ করেছেন গাব্রিয়েল জেসুস। এবার ম্যানচেস্টার সিটি অধ্যায় শুরু করবেন তিনি। কোচ পেপ গুয়ার্দিওলা ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ডের অপেক্ষায় আছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ভবিষ্যতে তিনি শিরোপা জিততে সাহায্য করবেন বলে বিশ্বাস তাদের কোচের।
গত অগাস্টে জেসুসের সঙ্গে চুক্তি করে সিটি। পালমেইরাসের হয়ে জেসুস ব্রাজিলিয়ান লিগ জয়ের পর সিটির ওয়েবসাইটে গুয়ার্দিওলা বলেন, “আমি নিশ্চিত, শুধু এ মৌসুমেই নয়, ভবিষ্যতে সে এই ক্লাবকে সাহায্য করবে। আমার দিক থেকে আমি শুধু তাকে সাহায্য করতে চাই, তাকে গড়ে তুলতে চাই।”
“ফের্নানদিনিয়ো আর ফের্নান্দোর সঙ্গে ব্রাজিলের অন্য খেলোয়াড়রা তাকে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে সাহায্য করবে। আমরা আমাদের মধ্যে তাকে পাওয়ার অপেক্ষায় আছি।”
২০১৫ সালে ব্রাজিলিয়ান লিগের সেরা নবাগত পুরস্কার জেতা জেসুস এই বছরের শুরু থেকে পালমেইরাসের আক্রমণভাগে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। মৌসুমের শুরুতে তরুণ এই ফরোয়ার্ডের ফর্ম এমন ছিল যে তিনি ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের দলে জায়গা পেতে পারতেন। তবে সেই সময়ের কোচ দুঙ্গা তার এই ফর্মকে আমলে নেননি। তবে ঘরোয়া ফুটবলে জেসুস নজর কাড়া পারফরম্যান্স করে যেতে থাকেন। জুনে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরুর আগের দিনও গ্রেমিওর বিপক্ষে পালমেইরাসের ৪-৩ ব্যবধানের জয়ে গোল করেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়ানোর সুযোগ জেসুস প্রথম পান অলিম্পিক গেমসে। ব্রাজিলের একটি অলিম্পিক সোনার আক্ষেপ ঘোচানোর অভিযানে নেইমার আর বারবোসার সঙ্গে দেশটির আক্রমণভাগে ত্রয়ী গড়েন তিনি। প্রথম পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে একদমই কার্পণ্য করেননি জেসুস।
ব্রাজিলের অলিম্পিক গেমসের সোনা জয়ের পথে তিনটি গোল করেন জেসুস। এমন পারফরম্যান্সের পর তিতের ব্রাজিল দলেও ডাক পান তিনি। সিনিয়র দলের হয়ে অভিষেক ম্যাচে একুয়েডরের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন জেসুস। বিশ্বকাপ বাছাইপর্বে এর পর তিনি গোল পান বলিভিয়া, ভেনেজুয়েলা আর পেরুর বিপক্ষে।
