লেস্টারকে উড়িয়ে দিল চেলসি
লিগ কাপে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো না লেস্টার সিটির। প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়নদের নিজেদের মাঠে সহজেই হারিয়েছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার দুপুরে চেলসির ৩-০ ব্যবধানের জয়ে গোল তিনটি করেন দিয়েগো কস্তা, এডেন হ্যাজার্ড ও ভিক্তর মোজেজ।
গত সেপ্টেম্বরে লেস্টারের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে জিতে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছিল চেলসি।
এবারের লিগে লেস্টারের এটা চতুর্থ পরাজয়, যেখানে গত মৌসুমে পুরো আসরে তিনটিতে হেরেছিল তারা। আট ম্যাচে মাত্র দুটিতে জেতা শিরোপাধারী লেস্টার অন্য দুটিতে ড্র করেছে। লিগে চেলসির এটা পঞ্চম জয়।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন কস্তা। কর্নার থেকে আসা বলে নেমানিয়ার মাতিচের ফ্লিক ফাঁকায় পেয়েছিলেন ব্রাজিলে জন্ম নেওয়া স্পেনের এই স্ট্রাইকার। ডান দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগিয়েছিলেন গোলরক্ষক; কিন্তু ঠেকাতে পারেননি।
২০১৪ সালে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ইপিএলে ৬২ ম্যাচে কস্তার এটা ৩৯তম গোল। এই সময়ে সতীর্থদের দিয়ে ১১টি গোলও করিয়েছেন তিনি।
ভাগ্য বিরূপ না হলে ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। প্রায় ২০ গজ দূর থেকে ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইসের ফ্রি কিক পোস্টে লাগে।
৫৮তম মিনিটে একা ডি বক্সে ঢুকে মোজেজের জোরালো নীচু শট এক হাত দিয়ে ঠেকান ডেনমার্কের গোলরক্ষক। ৮০তম মিনিটে মোজেজকে আর রুখতে পারেননি স্মাইকেল। ন্যাথানিয়েল ক্যালোবাকে পাস দিয়ে দ্রুত ডি বক্সে ঢুকে পড়া নাইজেরিয়ান মিডফিল্ডার সতীর্থের ব্যাকহিল করে বাড়ানো ফিরতি বল ধরে জালে জড়ান।
পাঁচ জয় ও এক ড্রয়ে চেলসির পয়েন্ট হলো ১৬।
