অন্তর্বাস পরে টিভিতে লিনেকার
বলেছিলেন লেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ জিতলে অন্তর্বাস পরে টিভিতে আসবেন। কথা রেখেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার।
অন্তর্বাস পরে খালি গায়ে গত শনিবার বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন লেস্টার সিটির সাবেক এই তারকা।
গত ডিসেম্বরে লেস্টারের ইপিএলের শিরোপা জেতার কোনো সম্ভাবনাই দেখেননি ক্লাবটিরই সাবেক স্ট্রাইকার লিনেকার। তাই ঘোষণা দিয়েছিলেন, লেস্টার শিরোপা জিতলে ২০১৬-১৭ মৌসুমের প্রথম ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানের উপস্থাপনা অন্তর্বাস পরে করবেন তিনি।
সবাইকে অবাক করে লেস্টার তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা জেতে।
আর শনিবার এ মৌসুমে ইপিএলের প্রথম ম্যাচের দিন শর্টস পরে অনুষ্ঠান উপস্থাপনা করতে আসেন ৫৫ বছর বয়সী লিনেকার।
“যে ঘটনা আমাকে অন্তর্বাস পরিয়েছে তা জীবনে একবারই ঘটে এবং একটি স্পোর্টিং মিরাকল।”
বক্সার শর্টস পরে উপস্থাপনা করার সময় স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন লিনেকার। তবে পেছনে বসে থাকা ‘ম্যাচ অব দ্য ডে’র দুই পণ্ডিত অ্যাল্যান শিয়েরার ও ইয়ান রাইট অনুষ্ঠান শুরুর সময় ফিকফিক করে হাসছিলেন।
হাল সিটির কাছে গত শনিবার ২-১ গোলে হেরে শুরু হয় লেস্টারের শিরোপা ধরে রাখার অভিযান।
