২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই শিষ্যদের সতর্ক করলেন সেইন্টফিট

মামুনুল-জুয়েলদের সঙ্গে পরিচিতি পর্বেও খুব বেশি কথা বলেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টম সেইন্টফিট। তবে বেলজিয়ামের এই কোচ অল্প কথাতেই বুঝিয়ে দিয়েছেন শৃঙ্খলার প্রশ্নে নিজের আপোশহীন মনোভাব। জানিয়েছেন, খেলোয়াড়দের তারকা তকমা তার কাছে মূল্যহীন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 09:35 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

বাইরে বেশ হাসিখুশি, মিতভাষী সেইন্টফিট। সাংবাদিকদের প্রশ্নের জবাবও ৪৩ বছর বয়সী এই কোচ দিয়েছেন হাসি মুখে; অল্প কথায়। তবে এর মধ্যেই তিন মাসের জন্য দায়িত্ব নিতে মঙ্গলবার ঢাকায় এসে মামুনুলদের সঙ্গে পরিচয় পর্বে শৃঙ্খলা নিয়ে নিজের মনোভাবটা জানান তিনি।

“একজন খেলোয়াড়ের সামর্থ্য হয়তো দশে ৭, আরেকজনের দশে ৯। কিন্তু দেখা গেল, যার সামর্থ্য ৯ সে মোটেই শৃঙ্খলাবদ্ধ নয়। আমার কাছে তার সামর্থ্য নেমে আসবে অর্ধেকে। তার মানে, যে শৃঙ্খলাবদ্ধ কিন্তু সামর্থ্য ৭, তাকেই দলের জন্য বেশি প্রয়োজন।”

টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশের ফুটবলারদের মদ্যপান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। সবশেষ বঙ্গবন্ধু গোল্ড কাপেও এমন কাণ্ড ঘটেছে। এ জন্য শাস্তিও পেয়েছেন মামুনুল ইসলাম, জাহিদ হোসেনসহ চার খেলোয়াড়। সেইন্টফিট সে খবর জানেন কিনা কে জানে, তবে মামুনুল-জাহিদদের সতর্ক করতে নিজের উদাহরণও দিলেন।

“আমি শৃঙ্খলাবদ্ধ। তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি মুসলিম নই কিন্তু আমি বিয়ার, মদ বা কোনো প্রকারের অ্যালকোহলের স্বাদ জানি না। জীবনে আমি ধূমপানও করিনি।”

নতুন শিষ্যদের টাকার মোহে দেশের প্রতি দায়িত্ব না ভোলার কথাও প্রথম দিনে মনে করিয়ে দিয়েছেন বেলজিয়ামের এই কোচ।

“জাতীয় দলের কোচ হিসেবে আমি নিজে গর্ব অনুভব করি। জাতীয় দলের জার্সি গায়ে সেই একই গর্বটা সবার অনুভব করা উচিত।”

“আমি বিশ্বাস করি, ভুটান বাঁধা পেরিয়ে গেলে ২৪ দলের এশিয়ান কাপে খেলার সুযোগ খুলে যাবে। আর এশিয়ান কাপে খেলার সুযোগ পেলে তখন হয়তো এই দলের অনেক ফুটবলারের সঙ্গে চুক্তি করতে চাইবে সৌদি আরব, আমিরাতের মতো দেশগুলোর বড় বড় ক্লাব। টাকার কথা ভেবো না। কিছু অর্জন কর, দেখবে টাকা আসছে।”

যে কোনো সমস্যায় নিজের দরজাটা খোলা রাখবেন বলেও মামুনুলদের জানিয়েছেন সেইন্টফিট। এ নিয়ে কথা বলতে গিয়ে শিষ্যদের সতর্ক করতেও ভোলেননি তিনি।

“আমি কেবল একজন কোচই নই, একজন মনোবিদও। যে কোনো সমস্যা আমাকে জানাবে। স্ত্রী হোক, বাবা-মা কিংবা ভাই-বোন হোক কারও সঙ্গে সমস্যা আমাকে জানাও। তোমরা যদি খারাপ খেলে সমস্যার কথা বলতে আসো আমি রাগ হবো। কিন্তু আগেই সমস্যার কথা আমাকে জানালে আমি সেটা মেনে নেবো।”

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার জন্য ভুটানের বিপক্ষে প্লে-অফ ম্যাচের প্রাথমিক দলে থাকা ৩২ জনের মধ্যে ২৯ জনকে প্রথম দিনের অনুশীলনে পেয়েছেন সেইন্টফিট। মোনায়েম খান রাজু ব্যক্তিগত কারণে এবং শাহেদুল আলম শাহেদ ও নাবিব নেওয়া জীবন অসুস্থার কারণে যোগ দেননি। তবে কারো জায়গা দলে পাকা নয় বলেও মামুনুলদের মনে করিয়ে দেন কোচ।

“আপনাদের বুঝতে হবে, ফেডারেশন কাপে আমি শুধু চারটি দলের খেলা দেখেছি। এ কারণে আমি দেশের সব সেরা খেলোয়াড়দের বাছাই করতে পারিনি। আমি শুধু তিন ম্যাচ দেখে ১২ জনকে পছন্দ করেছি। বাকিটা যোগ করেছে সাইফুল বারী টিটো। সামনেই লিগ আছে। ম্যাচগুলো পর্যবেক্ষণ করব। তার ওপর ভিত্তি করে কেউ দলে থাকবে, নতুন কেউ যোগ হবে ভুটান ম্যাচের জন্য।”

“আমি আবারও বলছি, আমার কাছে ফুটবলে নাম-ধাম, তারকা বলতে কিছু নেই। আমার কাছে কোনো দল তারকা দিয়ে তৈরি নয়; আমার লক্ষ্য একটা দলকে দলের মতো করে তৈরি করা, যেটি ভুটানের বিপক্ষে এবং ভবিষ্যতেও ভালো ফল আনতে পারে।”

এশিয়ান কাপের বাছাইয়ে পর্বে ওঠার প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে খেলবে বাংলাদেশ।