রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ চারে ফেদেরার
উইম্বলডনে অষ্টম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রজার ফেদেরার। কোয়ার্টার-ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে হারিয়ে শেষ চারে উঠেছেন সুইজারল্যান্ডের এই তারকা।
লন্ডনে বুধবার প্রথম দু্ই সেট হেরে যান রেকর্ড ১৭টি গ্র্যান্ড জেতা ফেদেরার। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৬-৭, ৪-৬, ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে ম্যাচটি জেতেন তিনি।
নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় ফেদেরারের ক্যারিয়ারের অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের চার বছরের অপেক্ষার অবসান হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে। সার্বিয়ার এই তারকার কাছে হেরেই বার বার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙছে ৩৪ বছর বয়সী ফেদেরারের।
সেমি-ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ মিলোস রাওনিচ। বুধবার আরেক কোয়ার্টার-ফাইনালে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরিকে হারিয়ে শেষ চারে উঠেন কানাডার এই তারকা।
