ছন্দময় ফ্রান্সের সামনে আত্মবিশ্বাসী জার্মানি
একদম ঠিক সময়ে জ্বলে উঠেছে ফ্রান্স। শুরুর দিকে নিজেদের ছায়া হয়ে থাকা দলটি শেষ আটে আইসল্যান্ডকে উড়িয়ে দিয়ে উঠেছে সেমি-ফাইনালে। তবে দারুণ ছন্দে থাকা দিদিয়ে দেশমের শিষ্যদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও ফাইনালে ওঠার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
মার্সেইয়ে বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
রোমানিয়াকে ২-১ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করা ফ্রান্স তাদের পরের ম্যাচে আলবেনিয়াকে হারিয়েছিল ২-০ ব্যবধানে। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল তারা।
শেষ ষোলোতে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়া ফ্রান্স ২-১ ব্যবধানে জিতেছিল দ্বিতীয়ার্ধে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে। তবে কোয়ার্টার-ফাইনালে আইসল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলে পাওয়া জয়ের ছন্দ নিয়ে শেষ চারে উঠে তারা।
অন্যদিকে উত্তেজনা ছড়ানো টাইব্রেকারে ইতালিকে ৬-৫ গোলে হারিয়ে শেষ চারে আসে জার্মানি।
ফ্রান্সের বিপক্ষে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না জার্মানি। হ্যামস্ট্রিং পেশির চোট নিয়ে ইউরো থেকেই ছিটকে পড়েন ফরোয়ার্ড মারিও গোমেজ। মিডফিল্ডার স্যামি খেদিরা ভুগছেন কুঁচকির চোটে। হাঁটুর সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের খেলা নিয়েও শঙ্কা আছে। আর নিষেধাজ্ঞার জন্য খেলতে পারবেন না বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার মাটস হুমেলস।
সব মিলিয়ে জার্মানির ম্যানেজার অলিভের বিয়েরহফ ফেভারিট তকমাটা সেঁটে দিলেন ফ্রান্সের পিঠে।
জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার অবশ্য বিয়েরহফের সঙ্গে একমত হতে পারেননি। ফ্রান্সের প্রতি শ্রদ্ধা আছে তার, তবে নিজেদের উপর আস্থাও আছে।
“আমরা তাদের ভয় পাই না। আমরা (ফ্রান্স-আইসল্যান্ড ম্যাচের) ভিডিওটি দেখেছি এবং আমরা জানি যে ফ্রান্সের অনেক ভালো খেলোয়াড় আছে।”
“তারা আইসল্যান্ডের বিপক্ষে যে গোলগুলো করেছে তা আলাদাভাবে খুব সুন্দর, কিন্তু আইসল্যান্ডের রক্ষণ খুব একটা ভালো ছিল না।”
ফ্রান্সের কোচ দেশম অবশ্য প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলেন। ফিফা র্যাংকিংয়ের চতুর্থ স্থানে থাকা জার্মানিকে এই সময়ে ‘বিশ্বের সেরা দল’ বলে উল্লেখ করেন তিনি।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস ফ্রান্সকে অবশ্য সামান্য এগিয়ে রাখছে। জার্মানির বিপক্ষে এ পর্যন্ত খেলা ২৭ ম্যাচের ১২টি জিতেছে র্যাংকিংয়ের সপ্তদশ স্থানে থাকা ফ্রান্স, জার্মানির জয় ৯টিতে, বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র। তবে দুই দলই একে অপরের জালে বল পাঠিয়েছে ৪৩বার করে।
তবে ১৯৫৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির বিপক্ষে কোনো জয় পায়নি ফ্রান্স।
দুইবারের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা ফ্রান্স তাদের প্রথম মুকুটটি পায় ১৯৮৪ সালে, নিজেদের মাঠে। এর পর ১৯৯৮ সালের বিশ্বকাপও জেতে তারা স্বাগতিক হিসেবে। দেশের মাটিতে আরেকটি বড় টুর্নামেন্ট, ফরাসিরা স্বপ্ন দেখছে এবারও শিরোপা ঘরে তুলবে তাদের দল।
ফ্রান্সের মিডফিল্ডার মুসা সিসোকো সেমি-ফাইনালের সীমানা পার হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।
“আমরা সব পর্যায়েই উন্নতি করেছি, রক্ষণের দিক থেকে, মাঝমাঠে এবং আক্রমণে।”
