রোনালদো-বেল দ্বৈরথের অপেক্ষায় আনচেলত্তি
ইউরোর সেমি-ফাইনালে পর্তুগাল আর ওয়েলসের লড়াইটি মুখোমুখি করে দিচ্ছে রিয়াল মাদ্রিদের দুই সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলকে। ক্লাবের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা এই দুই তারকা ফরোয়ার্ডের আসন্ন দ্বৈরথ দেখতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন তাদের সাবেক গুরু কার্লো আনচেলত্তি।
বায়ার্ন মিউনিখের ইতালিয়ান কোচ আনচেলত্তি দুই বছর রিয়ালের কোচ ছিলেন। তার সময়েই ওয়েলসের ফরোয়ার্ড বেলকে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে দলে টেনেছিল রিয়াল।
স্পেনের সফলতম ক্লাবটির কোচ থাকার সময় অনুশীলনে অনেকবারই পর্তুগাল অধিনায়ক রোনালদো আর বেলকে মুখোমুখি হতে দেখেছেন আনচেলত্তি।
দ্য টেলিগ্রাফে এক কলামে আনচেলত্তি লেখেন, “মাদ্রিদে আমার দুই বছরে এ দুজনকে আমি প্রতি দলে আট জন করে খেলোয়াড়ের ম্যাচে অনেকবারই ঘাম ঝরাতে দেখেছি। সব অসাধারণ খেলোয়াড়ই প্রতিদ্বন্দ্বী।”
“তারা সবাই জিততে চায়; এমনকি অনুশীলন মাঠের ক্যান্টিনে বিজয়ী হিসেবে যাওয়ার ক্ষেত্রেও।”
“তাই প্রসঙ্গ যখন লিওঁর ম্যাচ, চিন্তা করুন তাদের দেশের জন্য এটা করা এই দুজনের কাছে কতটা গুরুত্বপূর্ণ হবে।”
জাতীয় দলের জন্য বেল কতটা নিবেদিত তা বোঝাতে আনচেলত্তি লেখেন, “গ্যারেথ আমাকে সব সময়ই বলত যে ইউরো ২০১৬ ওয়েলসের জন্য বড় একটি টুর্নামেন্ট।”
সাবেক শিষ্য রোনালদোর প্রশংসায়ও পঞ্চমুখ হন আনচেলত্তি। তার কাছে রোনালদো কেবল একজন ভালো খেলোয়াড়ই নন, ভালো একজন নেতাও।
“আমি পর্তুগাল ও পোল্যান্ডের এবং জার্মানি ও ইতালির টাইব্রেকার দেখেছি। আপনি দেখে থাকবেন প্রথম পেনাল্টি থেকে গোল করে ক্রিস্তিয়ানো কিভাবে দলকে এগিয়ে নিয়েছিল।
“আমার কাছে এটা পরিষ্কার যে এই সেমি-ফাইনালে পর্তুগালের অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় আছে-ক্রিস্তিয়ানো, নানি, রেনাতো সানচেস, জোয়াও মুতিনিয়ো। ওয়েলসের গ্যারেথ আছে কিন্তু তাদের অ্যারন র্যামজিকে ছাড়া খেলতে হবে। এর পরও ওয়েলস শক্তিশালী দল এবং তারা আপনাকে অনেক কঠিন মুহূর্ত উপহার দিতে পারে।”
