২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিতে আসা হচ্ছে না মেসির

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মিশন শুরুর অপেক্ষায় পেপ গুয়ার্দিওলা। নতুন মিশনে সাবেক শিষ্য লিওনেল মেসিকে পাশে পাওয়ার সম্ভাবনা স্পেনের এই কোচ উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ক্লাব ক্যারিয়ারের শেষটা বার্সেলোনাতেই করবে মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 07:28 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

গত রোববার সিটির সমর্থকদের প্রশ্নের উত্তর দিতে বসেন ‍গুয়ার্দিওলা। সেখানেই এক সমর্থক বার্সেলোনার এই সাবেক কোচকে প্রশ্ন করেন, কাম্প নউ থেকে মেসিকে ইতিহাদে আনার কোনো পরিকল্পনা আছে কিনা।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টিনাকে হঠাৎ বিদায় বলে দেন মেসি। এক সমর্থকের প্রশ্নে হাসির পর গুয়ার্দিওলার উত্তরে মোটামুটি পরিষ্কার হয়ে গেল, কোচ হিসেবে তার মেয়াদে মেসিকে ম্যানেচেস্টার সিটিতে দেখার কোনো সম্ভাবনা নেই।

“আমি দুঃখিত মেসিকে ক্যারিয়ারের বাকিটা সময় বার্সেলোনাতেই থাকতে হবে।”

নতুন শিষ্যদের কতটুকু জানেন আপনি? এমন প্রশ্নের জবাবেও গুয়ার্দিওলা মজা করে উত্তর দেন।

“প্রথমে আমাকে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে, আলিঙ্গন করতে হবে, তাদের আঘাতও করতে হবে।”

“তাদের নিয়ে আমার একটা পরিকল্পনা আছে কিন্তু আমার সময় লাগবে। গত কয়েক বছর আমি অনেকবারই (কোচ হিসেবে) তাদের (সিটির খেলোয়াড়) বিপক্ষে খেলেছি। তাদের মান জানি, কিন্তু সেটা আমাকে তাদের আবারও দেখাতে হবে।”

অতীত পেছনে রেখে নতুন শুরুর বার্তাও শিষ্যদের দেন গুয়ার্দিওলা।

“তারা অতীতে যেটা করেছে, সেটা অতীত। আমরা কী করেছিলাম, সেটা স্মরণ করতে লোকে এখানে আসেনি। আবারও চেষ্টা করার জন্যই আমরা এখানে। তাদের জানার জন্য তর সইছে না আমার।”

নতুন শিষ্যদের ভালো ‘টিম-মেট’ হয়ে ওঠার প্রতি গুরুত্ব দেবেন বলেও ওই প্রশ্ন-উত্তর পর্বে জানান বায়ার্ন মিউনিখ ছেড়ে সিটির দায়িত্ব নেওয়া এই কোচ।

“আমি চাই, আমার খেলোয়াড়রা ভালো টিম-মেট হোক। আমি সেই খেলোয়াড়কে পছন্দ করি যে নিজের দিকটা ভাবে; ম্যান সিটিরটাও ভাবে।”