প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর জাজ ভুঁইয়া গ্রুপ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুমের টাইটেল স্পন্সর হয়েছে জাজ ভুঁইয়া গ্রুপ। লিগের স্বত্ব কিনে নেওয়া সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। তবে কোনো পক্ষই চুক্তির অঙ্কটা জানায়নি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বুধবার দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। জাজ ভুঁইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুর রহমান ভুঁইয়া ও সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন চুক্তিপত্রে সাক্ষর করেন।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি সালাউদ্দিন আসন্ন লিগ নিয়ে উচ্চাশার কথা জানান।
“জাজ ভুঁইয়া গ্রুপ ফুটবলে এসেছে; আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। এত দ্রুত লিগের টাইটেল স্পন্সর জোগাড় করতে পারায় সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডকে ধন্যবাদ। আগামী চার বছরে ফুটবলকে যেখানে দেখতে চাই; আমরা সেখানে নিয়ে যেতে পারব।”
বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর আশা ঢাকার বাইরে লিগ যাওয়ায় মাঠে ফিরবে দর্শক।
আপাতত এক বছরের জন্য হলেও ফুটবলের উন্নয়নে সামনের দিনগুলোতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাজ ভুঁইয়া গ্রুপের চেয়ারম্যান ফয়জুর রহমান ভুঁইয়া।
“ফুটবলকে আরও আকর্ষণীয়, মনোমুগ্ধকর ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে খেলাটির পাশে এসেছি। ফুটবলের মান আরও উন্নত করতে ব্যবসায়ীরা এগিয়ে আসবেন বলে আশা করি।”
“বিপিএলে সিলেট ও রংপুর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পৃষ্ঠপোষক ছিলাম। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হলাম। এখানে আসতে পারায় সম্মানিতবোধ করছি। খেলাটির উন্নয়নে আমরা সবসময় পাশে থাকব।”
চট্টগ্রামের শেষে শুরু হবে সিলেট পর্ব। এরপর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। রাজশাহী, বরিশাল ও গোপালগঞ্জ বা ময়মনসিংহে ধারাবাহিকভাবে পরের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি কমিটি।
