২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগাল অতিরিক্ত রোনালদো-নির্ভর: মারাদোনা

তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর উপর পর্তুগাল অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল বলে মনে করেন দিয়েগো মারাদোনা। আর এটা দেশটির জন্য বুমেরাং হতে পারে বলে জানিয়েছেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 06:44 PM

Updated : 12 Apr 2022, 02:20 AM

গত বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে তিন বার পিছিয়ে পড়েও রোনালদোর নৈপুণ্যে ৩-৩ ব্যবধানে ড্র করে পর্তুগাল। মুল্যবান ১ পয়েন্ট এনে দিতে জোড়া গোল করার পাশাপাশি নানির গোলটিতে সহায়তা করেন পর্তুগাল অধিনায়ক।

তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্যায়ের সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে নক-আউট রাউন্ডে উঠে পর্তুগাল। ফ্রান্সের লঁসে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফের্নান্দো সান্তোসের দল।

ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়াতে লেখা এক কলামে মারাদোনা বলেন, “পর্তুগাল রোনালদোর উপর অনেক বেশি নির্ভরশীল। হাঙ্গেরির বিপক্ষে দারুণ খেলেছে সে, কিন্তু সে ক্লিক না করলে তাদের শক্তি অর্ধেক হয়ে যায় এবং ট্যাকটিক্যালি বিচক্ষণ ক্রোয়াটরা তার যোগান কমিয়ে দেওয়া নিশ্চিত করবে।”

“তাকে হয়ত জায়গার জন্য চারদিকে ঘুরতে হবে এবং সে এটা কত ভালোভাবে করে তার উপর পর্তুগালের সাফল্যের সম্ভাবনা নির্ভর করে।”

ক্রোয়েশিয়া দলের প্রশংসা করে মারাদোনা বলেন, “ইউরোপের বেশিরভাগ দলের মতো ক্রোয়াটরা ট্যাকটিক্যালি খুব ভালো, যারা রক্ষণে কোনো কিছু উপহার দেয় না। দলটির বিশেষত্ব মনে হচ্ছে তাদের অল্প কিছু স্পর্শে অনেক গতিময় প্রতিআক্রমণ করার সামর্থ্য তাদের আছে।”

“রোনালদোর দল রক্ষণাত্মক খেললে এবং প্রতিআক্রমণে গোল করার জন্য অপেক্ষা করলে পর্তুগালের বিপক্ষে (ক্রোয়েশিয়ার) ভিন্ন অভিজ্ঞতা হবে। এই ক্ষেত্রে ক্রোয়েশিয়াকে জায়গা তৈরি করতে হবে এবং ‘প্ল্যান বি’-তে যেতে হবে। (লুকা) মদ্রিচ ও (ইভান) রাকিতিচ মাঝমাঠে আছে বলে তাদের কাছে এটা আশা করছি।”