গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি, শেষ ষোলোয় সঙ্গী পোল্যান্ড
নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে জার্মানি। তবে পুরোটা সময় বল দখলে রেখে আক্রমণ করে গেলেও প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বড় করতে পারেনি ইওয়াখিম লুভের দল।
মঙ্গলবার রাতে ১-০ ব্যবধানে জার্মানদের জয়ের নায়ক মারিও গোমেস। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন তিনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো জার্মানি; কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন মুলার।
পরমুহূর্তেই দারুণ এক প্রতি-আক্রমণে ফেভারিটদের চমকে দিতে বসেছিল নর্দার্ন আয়ারল্যান্ড; কিন্তু ফরোয়ার্ড কনর ওয়াশিংটন ছয় গজ বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
দুই মিনিট পর মেসুত ওজিলের দুরুহ কোণ থেকে নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দলকে ফের বাঁচান গোলররক্ষক মাইকেল ম্যাকগভের্ন।
ডি-বক্সে বল বল নিয়ে ঢুকে সঙ্গে লেগে থাকা একজনকে ছিটকে ফেলে আরেক খেলোয়াড় আর গোলরক্ষকের বাধা এড়িয়ে মুলার পাস দেন মারিও গোমেসকে। তা থেকে অনায়াসে বল জালে জড়ান বর্তমানে ধারে তুরস্কের ক্লাব বেসিকতাসে খেলা এই ফরোয়ার্ড।
৩৬তম মিনিটে আবারও ক্রসবারে লাগে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড মুলারের শট।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণাত্মক খেলতে থাকা জার্মানি ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটা সুযোগ পায়। কিন্তু মারিও গোটসের প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন শুরু থেকেই দুর্দান্ত খেলা ম্যাকগভের্ন।
৮২তম মিনিটে কিমিশের ক্রসে করা গোমেসের হেড বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি ৩১ বছর বয়সী ম্যাকগভের্ন।
গ্রুপের অন্য ম্যাচে ইয়াকুবের একমাত্র গোলে ইউক্রেনকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে পোল্যান্ড।
৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দার্ন আয়ারল্যান্ডের নকআউট পর্বে খেলার আশা আছে।
ইউরোর ছয়টি গ্রুপের সেরা দুইটি করে দল এবং তৃতীয় স্থানের সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে।
