রোনালদোর পাশে আলবেনিয়ার সাদিকু
সময় খারাপ গেলে এমনই বুঝি হয়, না হলে কি আর বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সমর্থনে এগিয়ে আসতে হয় আলবেনিয়ার অখ্যাত স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে।
ইউরোয় এখন পর্যন্ত অনুজ্জ্বল পর্তুগিজ তারকার জ্বলে না ওঠার কারণ খুঁজে পেয়েছেন বড় কোনো প্রতিযোগিতায় আলবেনিয়ার প্রথম জয়ের নায়ক সাদিুক। তার মতে, রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর নায়ক ক্লান্তির কারণেই নিজেকে মেলে ধরতে পারছেন না।
নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে এমনিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। এরপর আবার প্রথমবারের মতো ইউরোয় খেলতে আসা দলটির সমালোচনা করে ক্ষোভের মুখে পড়েন। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে প্রয়োজনীয় মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে তিনবারের বর্ষসেরা এই ফুটবলারের।
রোমানিয়ার বিপক্ষে দলকে ইতিহাস গড়া জয় এনে দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদিকু বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়, তিনি আমার আদর্শ।”
অস্ট্রিয়ার বিপক্ষে রোনালদোর সাদামাটা পারফরম্যান্স প্রসঙ্গে সাদিকু বলেন, “ঠিক আছে, শনিবার তিনি খুব একটা ভালো খেলেননি। আমি মনে করি, তিনি কিছুটা ক্লান্ত। তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, গত মৌসুমে (রিয়ালের হয়ে) ৫০ ম্যাচ খেলেছেন।”
