ক্ষুব্ধ কামাল, স্বস্তি মারুফুলের
অতিরিক্ত সময়ের গোলটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কোচ কামাল বাবু। অন্য দিকে এক গোলের জয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনাল নিশ্চিত হওয়া স্বস্তি অনুভব করছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে রহমতগঞ্জকে ১-০ গোলে হারায় শেখ রাসেল। ১০২ মিনিটে পল এমিলি গোলটি করেন। ওই গোলের পরই অফসাউডের দাবি নিয়ে রহমতগঞ্জের কোচ, কর্মকর্তা, খেলোয়াড়রা মাঠে ঢুকে সহকারী রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ম্যাচ শেষে পলের ওই গোল নিয়ে ক্ষোভ জানান রহমতগঞ্জের কোচ কামাল।
“আমাদের জোর করে হারানো হয়েছে। যদি তারা এরকই করবে, তাহলে ম্যাচটা অতিরিক্ত সময়ে টেনে নেওয়ার কোনো দরকার ছিল না। আগেই এটা তারা করতে পারত। রেফারির জন্য আমরা হেরেছি।”
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় রাখলেও গোল পায়নি শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের শেষ প্রতিপক্ষের আক্রমণে দলটি কোণঠাসা হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয় পাওয়া খুশি দলটির কোচ মারুফুল। প্রতিপক্ষকে প্রশংসা করতেও ভোলেননি তিনি।
“ওরা ভালো খেলেছে; এটা ওদের কৃতিত্ব। আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে সেমি-ফাইনালে উঠতে পেরে খুশি।”
যে গোলটি নিয়ে বিতর্ক, প্রতিপক্ষ কোচ ক্ষুব্ধ, সেটা নিয়ে মারুফুল বলেন, “ওটা অফসাইড ছিল না।”
