২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীকে ছিটকে দিয়ে শেষ আটে শেখ রাসেল

প্রথমার্ধের তিন গোল; দ্বিতীয়ার্ধে গোল না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় রাখল শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শেষ আটে উঠল মারুফুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 06:07 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠল শেখ রাসেল। সেরা চারে ওঠার লড়াইয়ে আগামী শনিবার ‘ডি’ গ্রুপের রানার্সআপ রহমতগঞ্জের মুখোমুখি হবে তারা।

গ্রুপের শেষ ম্যাচে হারলেও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেরা আটে উঠল মুক্তিযোদ্ধা। আগামী সোমবার কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের সেরা দল বিজেএমসি।

শেখ রাসেলের জয়ে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলো চট্টগ্রাম আবাহনী। মারুফুল হকের দলের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট শুরু করা বন্দরনগরীর দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হারে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার একপেশে প্রথমার্ধে ২৯তম মিনিটে ইকাঙ্গার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। মোনায়েম খান রাজুর একটু ঝুলিয়ে দেওয়া বল বুটের তলা দিয়ে ঠেলে লক্ষ্যে পৌঁছে দেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

তিন মিনিট পর শাহেদুল আলম শাহেদের দৃষ্টিনন্দন গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ রাসেল। ৩০ গজ দূর থেকে গতিময় শটে গোলরক্ষক মোহাম্মদ নাইমকে পরাস্ত করেন তিনি।

৩৮তম মিনিটে বক্সের মধ্যে বল পেয়েও রাজু তালগোল পাকিয়ে গোলের খাতায় নিজের নামটি তুলতে পারেননি। তবে পাঁচ মিনিট পর নাসিরুল-ইকাঙ্গা-পল এমিলির মিলিত প্রচেষ্টায় স্কোরলাইন ৩-০ করে নেয় শেখ রাসেল। ডান দিক থেকে আক্রমণে যাওয়া নাসিরুল বল বাড়ান ইকাঙ্গাকে; ক্যামেরুনের এই ফরোয়ার্ডের ব্যাক পাসে পলের গতিময় শট ঠিকানা খুঁজে পায়।

তিন গোল হজম করা মুক্তিযোদ্ধা দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফেরে। কিন্তু ম্যাচে ফেরা গোল পাচ্ছিল না। ৫৬তম মিনিটে দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার বাঁ পায়ের শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।

শেষ দিকে মুক্তিযোদ্ধার সিমোন এডেওডিকার দুর্বল প্রচেষ্টা ঠিকানা খুঁজে পায়নি। ইকাঙ্গার আলতো চিপ আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া হয়নি শেখ রাসেলের। তাতে অবশ্য ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ফুটবলে ট্রেবল জেতা দলটির জয়োৎসবে ভাটা পড়েনি।