২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর পক্ষে সাফাই পর্তুগালের কোচের

আইসল্যান্ডের খেলার ধরন নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়া ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে দাঁড়িয়েছেন ফের্নান্দো সান্তোস। পর্তুগালের এই কোচের দাবি, তার দলের সেরা তারকা কারও প্রতি অসম্মান দেখায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 05:41 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

পুরনো খবর:

রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে পর্তুগালের হোঁচট
আইসল্যান্ডের ‘সংকীর্ণ মানসিকতার’ সমালোচনায় রোনালদো
রোনালদোর সমালোচনার জবাব আইসল্যান্ডের

ফ্রান্সের সাঁতে ইচেনায় গত মঙ্গলবার রাতে পর্তুগালকে ১-১ গোলের ড্রয়ে রুখে দেয় ইউরোতে প্রথমবার খেলতে আসা আইসল্যান্ড।

আইসল্যান্ডের অতি রক্ষণাত্মক খেলার ধরনকে ম্যাচ শেষে ‘সংকীর্ণ মানসিকতা’ বলে উল্লেখ করেন হতাশ রোনালদো। সংবাদমাধ্যমে এও খবর এসেছে, ম্যাচ শেষে আইসল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে চাননি তিনি।

সান্তোস বলেন, “আমি এটা একদমই দেখিনি। আমি খেলোয়াড়দের দেখছিলাম।”

“সে পর্তুগালের সমর্থকদের অভিনন্দন জানাচ্ছিল-এটা দারুণ ছিল। আমরা আমাদের সমর্থকদের জয় উপহার দিতে চেয়েছিলাম, পুরো ম্যাচ জুড়ে তারা আমাদের সমর্থন করে গেছে। এটা আমি দেখিনি। এটা আদৌ সত্য বলে মনে হয় না আমার।”

সান্তোস আরও গোল না পাওয়াকে নিজেদের ব্যর্থতা বলে মেনে নেন।

“আমাদের আরও গোল করা উচিৎ ছিল-এতে লুকোছাপার কিছু নেই। আইসল্যান্ডকে নিয়ে আমরা বিস্মিত নই কারণ, আমরা তাদের দলটিকে চিনি।”

“ম্যাচটি জিততে না পেরে আমরা হতাশ। আমাদের বিশ্বাস আছে, আমরা এগিয়ে যেতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে শনিবার (অস্ট্রিয়ার বিপক্ষে) জেতা।”

‘এফ’ গ্রুপে পর্তুগাল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে প্যারিসে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত ১টায়।