২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যান্ডের ‘সংকীর্ণ মানসিকতার’ সমালোচনায় রোনালদো

পর্তুগালকে রুখে দেওয়ার পর মাঠে উচ্ছ্বাসে ভেসে গেছেন আইসল্যান্ডের খেলোয়াড়রা। দেশটির অতি রক্ষণাত্মক খেলাকে ‘সংকীর্ণ মানসিকতা’ আর এমন উদযাপনকে বাড়াবাড়ি বলে মনে করছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 03:40 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

ফ্রান্সের সাঁতে ইচেনায় গত মঙ্গলবার রাতে পর্তুগালকে ১-১ গোলের ড্রয়ে রুখে দেয় ইউরোতে প্রথমবার খেলতে আসা আইসল্যান্ড।

ম্যাচ শেষে রোনালদো বলেন, “এটা কিছুটা হতাশার, আমরা ম্যাচটি জিততে চেষ্টা করেছিলাম, আইসল্যান্ড কোনো চেষ্টাই করেনি। তারা একটি গোল করেছে, তারা ৯০ মিনিটে দুটি সুযোগ তৈরি করেছে। এ ছাড়া তারা প্রত্যেকটি খেলোয়াড়কে বলের পেছনে রেখেছে। একটা দল চেষ্টা না করলে এটা খুব কঠিন। কিন্তু পর্তুগাল চেষ্টা করে এবং ফুটবল খেলে; আর ম্যাচ জিততে চেষ্টা করে।”

“আমরা কেবল আমাদের সেরা চেষ্টা করেছি, পুরো সময় বল ধরে রেখেছি এবং আইসল্যান্ড কোনো চেষ্টাই করেনি, তারা কেবল ‘রক্ষণ, রক্ষণ, রক্ষণ’ করেছে এবং প্রতি আক্রমণে খেলেছে।”

“তারা যখন খেলতে চায় না এবং শুধু রক্ষণ, রক্ষণ, রক্ষণ করে, তখন আমার মতে এটা সংকীর্ণ মানসিকতারই প্রকাশ। তারা টুর্নামেন্টে কিছুই করতে পারবে না।”

ম্যাচ শেষে আইসল্যান্ডের অতি উদযাপনও ভালো লাগেনি রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের।

“ম্যাচ শেষে তারা যেভাবে উদযাপন করেছে তাতে আমার তো মনে হয়েছিল ইউরোই জিতে গেছে। এটা অবিশ্বাস্য।”

ম্যাচে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থাকা পর্তুগাল গোলে শট নেয় ২৬টি। অন্য দিকে আইসল্যান্ড শট নিতে পারে কেবল ৪টি।

রোনালদো বলেন, “তাদের (আইসল্যান্ড) জন্য সৌভাগ্যের রাত ছিল এটা। আমদের ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল; কিন্তু আমরা ঠিক আছি।”

রোনালদো বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল পাননি। লক্ষ্যভেদ করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি ইউরোতে গোল করা প্রথম খেলোয়াড় হয়ে যেতেন রোনালদো। এই রেকর্ড গড়ার সুযোগ এখনও আছে তার সামনে। গ্রুপ পর্বেই পর্তুগালের আরও দুটি ম্যাচ আছে।

পর্তুগালের হয়ে ১২৭টি ম্যাচ খেলা রোনালদো আশা করেন, পরের দুই ম্যাচে দল ভালো ফল পাবে।

“এটা আমাদের জন্য কিছুটা হতাশার কিন্তু এটা কেবল শুরু, এ নিয়ে আমরা চিন্তিত নই। স্পেন, ফ্রান্সের দিকে তাকান, তারা টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল এবং তাদেরও ম্যাচ জিততে কষ্ট হয়েছে। তাই আমাদের জন্যও এটা কঠিন ছিল কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আমাদের শতভাগ বিশ্বাস আছে আমরা পরের ম্যাচটি জিতব।”