পিকের গোলের ‘কৃতিত্ব’ ইনিয়েস্তার
স্পেনকে জয় এনে দেওয়া গোলটি আন্দ্রেস ইনিয়েস্তার অসাধারণ পাসের কারণেই করতে পেরেছেন বলে জানিয়েছেন জেরার্দ পিকে।
ফ্রান্সের তুলুজে গত সোমবার চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে স্পেন।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা স্পেন ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা মেলে ধরে। তবে কিছুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না ভিসেন্তে দেল বস্কের দল।
ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার অসাধারণ এক ক্রসে ৮৭তম মিনিটে দারুণ হেডে দলকে জয়সূচক গোল এনে দেন বার্সেলোনার ডিফেন্ডার পিকে।
ম্যাচ শেষে পিকে বলেন, “কী দারুণ পাস-কী অসাধারণ মান ইনিয়েস্তার। গোলটি করতে পেরে আমি ভাগ্যবান, কিন্তু পুরো দলই অসাধারণ ছিল।”
কোচ দেল বস্কও দলীয় প্রচেষ্টাকেই বড় করে দেখান।
“দলের জয়ে আমি খুশি। জেরার্দ জাতীয় দলের আরেকজন খেলোয়াড়-এটাই। ইনিয়েস্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। সে খুব ভালো খেলেছে, কিন্তু এটা পারফরম্যান্স আলাদা করার বিষয় নয়। এটা মাঠে দলের বিষয়।”
ম্যাচ সেরা ইনিয়েস্তা নিজেদের খেলায় সন্তুষ্ট হওয়ার কথা বলেন।
“আমরা এ রকম ম্যাচ আগেও খেলেছি। একটি গোল না পাওয়া পর্যন্ত প্রভাব বিস্তার করতে চেষ্টা করি আমরা”
