হকিতে জয়রথে মোহামেডান
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয়রথে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওয়ারী ক্লাবকে হারিয়ে সপ্তম জয় তুলে নিয়েছে দলটি। বাংলাদেশ রেলওয়েকে টানা নবম হারের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ এসসি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার ওয়ারীকে ৮-২ গোলে হারায় মোহামেডান। আগের ম্যাচের মতো এ ম্যাচেও আলো ছড়িয়েছেন ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। রেলওয়ের জালে ১১ গোল করা জিমি এ ম্যাচে উপহার দেন হ্যাটট্রিক। এছাড়া জয়ী দলের সালমান হোসেন ও লালন দুটি করে এবং তাসভার আব্বাস এক গোলে করেন।
নয় ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে আছে আবাহনী। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে
মেরিনার ইয়াংস। শীর্ষে থাকা ঊষার পয়েন্ট ২৫।
দিনের অপর ম্যাচে ৮-১ গোলে রেলওয়েকে হারায় বাংলাদেশ এসসি; দলের জয়ে চারটি করে গোল অবদান রাখেন শাহাবাজ আলি ও প্রিন্স। টুর্নামেন্টে এটি বাংলাদেশ এসসির চতুর্থ জয় ও রেলওয়ের টানা নবম হার।
