নিজের অসহায়ত্বে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন সুয়ারেস
বেঞ্চে বসে দলের হার দেখা, কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়া; সহ্য করতে পারেননি লুইস সুয়ারেস। ভেনেজুয়েলার কাছে হারের পর ক্ষুব্ধ সুয়ারেস বেঞ্চে মেরে বসলেন ঘুষি। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড জানালেন, নিজের অসহায়ত্ব থেকেই এমন আচরণ করেছিলেন তিনি।
সুয়ারেসের ওই কাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে। অনেকের দাবি, ভেনেজুয়েলার কাছে হেরে কোপা আমেরিকার স্বপ্ন গুঁড়িয়ে যাওয়া ম্যাচে বদলি হিসেবে নামতে না পারার ক্ষোভে ওই কাণ্ড করেন উরুগুয়ে তারকা। তাদের এমন দাবির পেছনে যুক্তি, দ্বিতীয়ার্ধে মাঠে নামার জন্য গা গরম করেছিলেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
তবে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই যুক্তরাষ্ট্রে যাওয়া এই ফরোয়ার্ড জানালেন, ওই সময় নিজেকে অসহায় মনে হচ্ছিল বলেই আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি।
“অনেক বিষয় আমি পরিষ্কার করতে চাই, যেটা বলা হচ্ছে, সেটা সত্যি নয়। আমি যেটা দিতে পারি, এমনকি তার ৯০ ভাগ দেওয়ার মতো অবস্থাতেও ছিলাম না। ক্ষোভটা এসেছিল কিছু করতে না পারার অসহায়ত্ব এবং কোপা আমেরিকা থেকে দলের ছিটকে যাওয়াটা দেখা থেকে।”
ভেনেজুয়েলা ম্যাচের পর উরুগুয়ে কোচ অস্কার তাবারেস সুয়ারেসকে না খেলানোর কারণ হিসেবে তার ফিটনেসের ঘাটতির কথা বলেছিলেন। সমালোচকরা কোচের ব্যাখ্যায় খুশি হতে পারেননি। এবার বার্সেলোনা ফরোয়ার্ড জানালেন, কারো ওপর ক্ষোভ থেকে ওই প্রতিক্রিয়া দেখাননি তিনি।
টানা দুই ম্যাচ হেরে কোপা আমেরিকার স্বপ্ন এবারের মতো শেষ হয়ে যাওয়ার পর সুয়ারেস এখন ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও হাভিয়ের মাসচেরানোর সাফল্য দেখার আশা করছেন। তবে শতবর্ষী আসরে মেসির আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলকেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন সুয়ারেস।
“আমি মনে করি, আর্জেন্টিনাই ফেভারিট কিন্তু ব্রাজিলও অনেক উঁচু পর্যায়ে আছে, যেহেতু তারা হাইতিকে ৭-১ গোলে হারিয়েছে।”
