মোহামেডানকে রুখে দিল রহমতগঞ্জ
ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছে দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচটি ২-২ ড্র হয়। রহমতগঞ্জের হয়ে সিও জুনাপিও দুটি গোল করেন। মোহামেডানের দুই গোলদাতা ইসমাইল বাঙ্গুরা ও শাহাদত হোসেন।
চতুর্থ মিনিটেই দারুণ এক গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। সৈয়দ রাশেদ তুর্য্যর বাড়নো বল বক্সের মধ্যে থেকে প্লেসিং শটে মোহামেডান গোলরক্ষককে পরাস্ত করেন জুনাপিও।
প্রথমার্ধে মোহামেডান অগোছালো ফুটবলই খেলেছে। শুরুতে গোল হজমের পর বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ ও মাশুক মিয়া জনির প্রচেষ্টা পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে প্রথমার্ধে সমতায় ফেরা হয়নি মোহামেডানের।
দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরা গোলের সুযোগ হেলায় হারাতে থাকে মোহামেডান। ৫৭তম মিনিটে এনজেকু প্যাট্রিকের বাড়নো বল পেয়ে যান ফাঁকায় থাকা ইসমাইল বাঙ্গুরা। কিন্তু গিনির এই ফরোয়ার্ড শট নিতে দেরি করায় রহমতগঞ্জের এলিটা বেঞ্জামিন দ্রুত এসে কর্নারের বিনিময়ে বল বিপদমুক্ত করেন।
পাঁচ মিনিটে পর এগিয়ে যায় জসিমউদ্দিন জোসির দল। বক্সের অনেক বাইরে থেকে ইয়াইয়া সির ফ্রি কিক আল আমিন ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বক্সের জটলার মধ্যে বাঙ্গুরার ব্যক হিল নিয়ন্ত্রণে নিয়ে স্কোরলাইন ২-১ করেন শাহাদত।
এর একটু পরই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন মোহামেডানের বাঙ্গুরা। গিনির এই ফরোয়ার্ডের শট ফেরান ডিফেন্ডার রফিকুর রহমান মামুন। তবে ব্যবধান না বাড়াতে পারলেও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে জয়ের দিকে ছুটছিল জোসির দল।
তবে মোহামেডানের জয়ে শুরুর আশায় পানি ঢেলে দেন জুনাপিও। ৮০তম মিনিটে ফয়সাল আহমেদের বাড়ানো বল বাকানো শটে রহমতগঞ্জকে সমতায় ফেরান কঙ্গোর এই ফরোয়ার্ড।
