ভেনেজুয়েলার বিপক্ষেও থাকছেন না সুয়ারেস
চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় ভেনেজুয়েলার বিপক্ষেও লুইস সুয়ারেস খেলতে পারবেন না বলে জানিয়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস।
সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালের দ্বিতীয়ার্ধে ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড সুয়ারেস। এর পর অনেকেই ধারণা করেছিল, কোপা আমেরিকাতে খেলা নাও হতে পারে তার।
গত মৌসুমে ইউরোপের লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল করা সুয়ারেস মেক্সিকোর বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি। ম্যাচটিতে ৩-১ গোলে হেরে যায় কোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়ে।
ভেনেজুয়েলার বিপক্ষে কোপা আমেরিকার শতবর্ষী আসরে উরুগুয়ের পরের ম্যাচটি ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর সাড়ে ৫টায়।
তাবারেস বলেন, “লুইস সুয়ারেসের চিকিৎসা চলছে। এখন সে (চোটের) সপ্তদশ দিনে আছে এবং সে এখনও চিকিৎসা পর্ব শেষ করেনি। সেরে না ওঠা পর্যন্ত তাকে দলে নেওয়া হবে না।”
“এই কোপা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ (বিশ্বকাপ) বাছাইপর্ব, যেখানে আমরা শীর্ষে আছি এবং সুয়ারেসের অবদান সব সময়ের মতোই খুব গুরুত্বপূর্ণ।”
