২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সঙ্গে অনুশীলন মেসির 

পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি। শিকাগোতে দলের সঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 02:25 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

গত মাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন মেসি। চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে আনহেল দি মারিয়া ও এভার বানেগার গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারায় জেরার্দো মার্তিনোর দল।

গত মঙ্গলবারও মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে আলাদা অনুশীলন করেন মেসি।

শিকাগোতে ইলানয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত বুধবার দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন মেসি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে এই অনুশীলন সেশনের ছবি দিয়েছে।

ধারণা করা হচ্ছে, পানামার বিপক্ষে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালের ম্যাচে খেলতে পারবেন ২৮ বছর বয়সী এই তারকা।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে মেসি নিজেও তার ভক্ত-সমর্থকদের আশার খবরই দেন।

“দলকে সাহায্য করতে যত দ্রুত সম্ভব প্রস্তুত হওয়ার আশা করছি আমি।”

পুরনো খবর:

আর্জেন্টিনার ‘প্রতিদ্বন্দ্বী’ মেক্সিকো-কলম্বিয়া