প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে কলম্বিয়া
সব শঙ্কা ঝেড়ে ফেলে মাঠে নামলেন হামেস রদ্রিগেস। রিয়াল মাদ্রিদের এই তারকার নৈপুণ্যে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে কলম্বিয়া।
কার্লোস বাক্কার প্রথম গোলে অবদান রাখার পর নিজেই গোল করেন রদ্রিগেস। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে ভিক্তর আয়ালা ম্যাচে ফিরিয়েছিলেন প্যারাগুয়েকে। তবে কলম্বিয়া গোলরক্ষক দাভিদ অসপিনা আর কোনো বিপদ হতে দেননি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে এক গোল করা রদ্রিগেস কাঁধের চোটে মাঠ ছেড়েছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে তারকা এই মিডফিল্ডারের খেলা নিয়েই শঙ্কা ছিল। এরপরও কোচ হোসে পেকেরমান ঝুঁকি নিয়ে নামান গুরুত্বপূর্ণ এই তারকাকে। দলকে এগিয়ে নিতেও সময় নেননি রিয়ালে গত মৌসুমে অবহেলিত রদ্রিগেস।
বুধবার যুক্তরাষ্ট্রের প্যাস্যাডিনায় বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচের দ্বাদশ মিনিটে রদ্রিগেসের মাপা কর্নারে হেড করে দলকে এগিয়ে নেন এসি মিলানের স্ট্রাইকার বাক্কা। চার মিনিট পরই ডি-বক্সের বাঁ দিক থেকে রদ্রিগেসের জোরালো শট কোনোমতে ঠেকান গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল প্রায় শোধ করে ফেলেছিল প্যারাগুয়ে। ফরোয়ার্ড দারিও লেসকানোর শট জালে ঢোকার পথেই ছিল; কিন্ত অসপিনার আঙুলের আলতো ছোঁয়ায় বল লাগে বারে। ৬২তম মিনিটে ডানে লাফিয়ে দুর্দান্ত সেভে আবারও প্যারাগুয়েকে গোলবঞ্চিত করেন আর্সেনালের এই গোলরক্ষক।
তবে ৭১তম মিনিটে কিছুই করার ছিল না অসপিনার। ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে তার মাথার উপর দিয়ে বল জালে জড়ান বদলি হিসেবে নামা আয়ালা। বাকি সময়টায় অবশ্য দারুণ কিছু সেভে আর কোনো বিপদ হতে দেননি অসপিনা।
দুই মিনিটের মধ্যে দুই হলুদ কার্ড দেখে ৮১তম মিনিটে অস্কার রোমেরো মাঠ ছাড়লে সমতায় ফেরার চেষ্টায় একটা ধাক্কা খায় প্যারাগুয়ে।
দুই ম্যাচে ৬ পয়েন্টে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়া বাংলাদেশ সময় আগামী রোববার সকালে খেলবে কোস্টা রিকার বিপক্ষে। কলম্বিয়ার সঙ্গী হতে হলে প্যারাগুয়েকে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতেই হবে।
‘এ’ গ্রুপের আগের ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-০ গোলে কোস্টা রিকাকে হারিয়ে শেষ আটের স্বপ্ন টিকিয়ে রেখেছে।
