২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেট পিস থেকে গোল খাওয়ার হতাশা ক্রুইফের

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের ফিরতি লেগে তাজিকিস্তানের কাছে হারার পর বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ সেট পিস থেকে গোল হজমের হতাশার কথা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:15 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সপ্তম মিনিটে ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করে তাজিকিস্তানকে এগিয়ে নেন আখতাম নাজারভ। সেট পিস থেকে খাওয়া এই গোলেই হারতে হয় দুশানবেতে আগের লেগে ৫-০ গোলে উড়ে যাওয়া বাংলাদেশকে।

নিজেদের মাঠে ১-০ গোলের হারের প্রতিক্রিয়ার শুরুতে ক্রুইফ সেট পিস থেকে গোল খাওয়ার প্রসঙ্গ টানেন।

“দারুণ উত্তেজনাকর ম্যাচ ছিল। কিন্তু এটা ভীষণ দুর্ভাগ্যজনক, দ্রুতই আমরা সেট পিস থেকে আবারও গোল খেলাম। এ মুহূর্তে এটা আমাদের মাথা ব্যাথার কারণ। বলটা আমাদের ডিফেন্ডারদের গায়ে লেগে জালে ঢুকেছে, তা না হলে গোলরক্ষক এটা সহজেই ধরতে পারত। এ মুহূর্তে ভাগ্য আমাদের সঙ্গে নেই।”

পিছিয়ে পড়ার পর সমতা ফেরা গোলের জন্য চেষ্টার ত্রুটি রাখেনি বাংলাদেশ। কিন্তু নাবীব নেওয়াজ জীবন, জুয়েল রানারা কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি। তবে শিষ্যদের খেলায় খুশি ক্রুইফ।

“ছেলেদের খেলায় আমি খুশি। একটা গোল পাওয়ার যোগ্য ছিলাম আমরা। হয়ত জয়ের যোগ্যও ছিলাম। কেননা, আজ তাজিকিস্তানের গোল পাওয়ার মতো কোনো আক্রমণই আমি দেখিনি।”

তাজিকিস্তানের কাছে টানা দুই ম্যাচ হারলেও এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের। সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জিততে হবে মামুনুলদের।

দুশানবের টার্ফে থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসের মাঠে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছে তাজিকিস্তানের। বৃষ্টির কারণে মাঠও হয়ে উঠেছিল ভারী। তবে প্রতিকূলতা কাটিয়ে জয় পাওয়াই খুশি অতিথি দলের কোচ খাকিম দুজাইলভ।

“বৃষ্টি ও আর্দ্রতার কারণে ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। তবে ছেলেরা প্রথমার্ধে ভালো খেলেছে। সব মিলিয়ে ম্যাচের ফলে আমি খুশি।”