কর ফাঁকির বিষয়ে ‘কিছুই জানেন না’ মেসি
কেবল ফুটবল খেলাতেই মনোযোগ দিয়েছেন; এ থেকে আয় হওয়া অর্থের কর ফাঁকি সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন মেসি। কর ফাঁকির মামলার শুনানিতে আদালতে গিয়ে নিজেকে তাই নির্দোষ দাবি করেছেন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড।
বার্সেলোনার আদালতে মেসির কর ফাঁকির মামলার শুনানি শুরু হয় গত মঙ্গলবার। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মেসি তার বাবার সঙ্গে বৃহস্পতিবার আদালতে যান।
২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ।
২৮ বছর বয়সী মেসি আদালতে বলেন, “এই বিষয়গুলো নিয়ে আমি আমার বাবাকে কখনোই কিছু জিজ্ঞেস করিনি।”
“সত্যি এই যে, আমি আগেও যেমনটা বলেছি, আমি তাকে এবং আইনজীবীদের বিশ্বাস করেছি। আমি এ বিষয়ে কিছু জানি না, আমি কেবল ফুটবলই খেলেছি।”
উরুগুয়েতে তার ‘ইমেজ রাইটস’ সংক্রান্ত লেনদেন সামলানো জেনব্রিল নামে কোম্পানি নিয়ে করা প্রশ্নের উত্তরে মেসি বলেন, “আমি জানতাম না, আমি এই কোম্পানির সদস্য এবং ম্যানেজার। আমি এটাতে সই করেছি। কারণ, তিনি (হোর্হে মেসি) আমাকে এটা করতে বলেছিলেন। আমি তাকে এবং আইনজীবীদের বিশ্বাস করেছিলাম।”
“আমি যা জানতাম তা হলো আমি বিজ্ঞাপন, ফটো শুট এবং এই ধরনের বিষয়ের জন্য স্পনসরদের সঙ্গে চুক্তিতে সই করছিলাম। আমার মনে আছে, আমরা নোটারিতে গিয়েছিলাম। কিন্তু এটা যখন সই করেছিলাম তখন আমার বয়স ছিল ১৮ বছর এবং আপনারা কল্পনা করতে পারেন, আমি ভিন্ন জগতে ছিলাম। আমি এ সম্পর্কে কিছু মনে করতে পারছি না।”
হোর্হে মেসিও বারবার আদালতে বলেন, তার ছেলে এ বিষয়ে কিছু জানে না।
