‘রিয়ালে যাচ্ছেন না নেইমার’
নেইমারের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক।
২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন নেইমার। তবে মেয়াদ বাকি থাকলেও গত কয়েক মাস ধরে তারকা এই ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবের নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে খবর আসতে থাকে।
গণমাধ্যমের খবর, রেকর্ড ট্রান্সফার ফিতে ব্রাজিল অধিনায়ককে কিনতে প্রস্তাব দিয়েছে রিয়াল। সেই সঙ্গে বার্সেলোনাও নাকি কাতার এয়ারওয়েজের সঙ্গে তাদের জার্সির স্পন্সরশিপের চুক্তি শেষ হয়ে যাওয়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় খুঁজছে।
তবে নেইমারকে ঘিরে ওঠা এসব গুঞ্জন ‘মিথ্যা খবর’ বলে উড়িয়ে দেন ক্রীড়া পরিচালক রবের্ত ফের্নান্দেস।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “না, না- নেইমার মাদ্রিদে যোগ দেবে, এমন কোনো ভয় নেই। সে এখানে সুখে আছে। সে সুখে না থাকলে আমি চিন্তিত হতাম। আগামীতে আরও অনেক বছর সে এখানে থাকবে।”
