বার্সেলোনা ছাড়ছেন দানি আলভেস
বার্সেলোনা ছাড়ছেন দানি আলভেস। ব্রাজিলের এই ডিফেন্ডারের কাম্প নউ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ক্রীড়া পরিচালক রবের্ত ফের্নান্দেস বলেন, “দানি আলভেস (বার্সেলোনা) ছাড়তে চান- এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা সেটাকে সম্মান জানাই।”
সেভিয়া থেকে ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা ও চারটি কোপা দেল রেসহ দলের সঙ্গে মোট ২৩টি শিরোপা জেতেন আলভেস।
গত মৌসুমেই কাতালান ক্লাবটির সঙ্গে আলভেসের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফিফা নিষেধাজ্ঞার কারণে ওই সময় নতুন খেলোয়াড় কিনতে পারলেও তাদেরকে খেলোনোর অনুমতি ছিল না। ফলে জটিল সেই অবস্থা কাটিয়ে উঠতে আলভেসের সঙ্গে নতুন চুক্তি করে বার্সেলোনা।
এই প্রসঙ্গে ফের্নান্দেস বলেন, “দানি ভালো একটা মৌসুম শেষ করেছিল এবং ক্লাব চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে শুধু ক্লাবই কোনো সিদ্ধান্ত নেয় না, খেলোয়াড় ও তার এজেন্টও ছিল, তারা (দুই পক্ষের জন্য) সুবিধাজনক একটা সিদ্ধান্ত নেয়। আর সেটা ছিল আরেক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করা এবং শেষে তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেওয়া।”
গত মৌসুমেও বার্সেলোনার হয়ে দারুণ খেলেন আলভেস। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচ খেলে দলকে ঘরোয়া ফুটবলের ‘ডাবল’ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার।
গণমাধ্যমের খবর, কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে জাতীয় দলের সঙ্গে থাকা আলভেসকে দলে নিতে আগ্রহী ইতালির সফলতম ক্লাব ইউভেন্তুস।
দুদিন আগে ক্লাবটির পরিচালক জুজেপ্পে মারোত্তা রাইট ব্যাক আলভেসকে দলে নিতে ‘খুবই আশাবাদী’ বলে জানান।
