ইউরোয় নিজেদের এগিয়ে রাখছে স্পেন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গত দুই বারের চ্যাম্পিয়ন স্পেন এবারও শিরোপা জয়ে ফেভারিট বলে দাবি করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
ব্রাজিলে গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্পেন। ইউরোর বাছাইপর্বে দারুণ খেলার পর পর এ সপ্তাহে টানা দুটি আন্তর্জাতিক ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত বুধবার রাতে দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেয় স্পেন। এর আগে গত রোববার তারা ৩-২ গোলে হারিয়েছিল তুরস্ককে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় জয়ের পর ইউরো জিততে আশাবাদী দেল বস্ক বলেন, “আমরা ফেভারিট কারণ চার বছর আগে আমরা এই টুর্নামেন্ট জিতেছিলাম। আরও অনেক প্রতিদ্বন্দ্বী আছে তবে আবারও চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের স্বপ্ন।”
“সম্প্রতি আমরা উন্নতি করেছি এবং আমার মতে, আমরা ভালো অবস্থায় আছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে আমরা প্রস্তুত,” যোগ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।
টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি ইউরো শুরু করার আগে আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।
আগামী ১৩ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযানে নামবে স্পেন। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও ক্রোয়েশিয়া।
