২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ওপেনের সেমিতে মারে, ভাভরিঙ্কা

প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা। কিছুটা লড়াই করতে হলেও শেষ চারের টিকেট পেয়েছেন অ্যান্ডি মারেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 07:52 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

বুধবার কোয়ার্টার-ফাইনালে স্পেনের আলবের্ত রামোসকে ৬-২, ৬-১, ৭-৬ গেমে হারান তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা।

শেষ চারের আরেক ম্যাচে রিচার্ড গাসকের বিপক্ষে প্রথম সেটে হারলেও ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেটে জয় তুলে নেন মারে। দ্বিতীয় বাছাই এই ব্রিটিশ তারকা ম্যাচটি জেতেন ৫-৭, ৭-৬, ৬-০, ৬-২ গেমে।

এদিকে, চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথম সেটে ধাক্কা খেলেও পরের তিন সেট জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ।

চতুর্দশ বাছাই স্পেনের রবের্তো বাউতিস্তা ও জোকোভিচের মধ্যে মঙ্গলবারের বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি বুধবার মাঠে গড়ালে ৩-৬, ৬-৪, ৬-১, ৭-৫ গেমে জিতে যান সার্বিয়ান তারকা।

এই জয়ে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন ১১টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ। প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ১০ কোটি ডলার প্রাইজমানি নিশ্চিত করলেন তিনি।

হেরে গেছেন ২০১৩ সালের রানার্সআপ স্পেনের দাভিদ ফেরার। তাকে হারিয়ে শেষ আটে উঠেছেন চেক প্রজাকন্ত্রের তমাস বের্দিচ।

মেয়েদের র‌্যাংকিংয়ের সেরা সেরেনা উইলিয়ামস সহজেই শেষ আট নিশ্চিত করেছেন। গতবারের চ্যাম্পিয়ন সেরেনা ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন ইউক্রেনের এলিনা সিভিতোলিনাকে।

সেরেনা জিতলেও পারেননি তার বড় বোন ভেনাস উইলিয়ামস। অষ্টম বাছাই সুইজারল্যান্ডের টিমিয়া বাচিনস্কির কাছে ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন সাতটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ভেনাস।