২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির কর ফাঁকির মামলার শুনানি শুরু

স্পেনে শুরু হয়েছে বার্সেলোনা তারকা লিওনেল মেসির কর ফাঁকির মামলার শুনানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 06:19 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দেন বলে অভিযোগ আনা হয়েছিল।

সরকারি আইনজীবীরা অভিযোগ করেন, বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে হোর্হে তার ছেলের আয়কর ফাঁকি দেন।

স্পেনের কর সংস্থা এর জন্য মেসি আর তার বাবার মোটা অঙ্কের জরিমানা ও কারাবাস দাবি করছে। আর প্রথম থেকেই মেসি ও তার বাবা কোনো ধরনের অপরাধ করার কথা অস্বীকার করে আসছেন।

শুনানি তিন দিন ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে; মেসি বৃহস্পতিবার আদালতে হাজির হবেন।

মেসির আইনজীবীরা যুক্তি দেখান, তারকা এই ফরোয়ার্ড জীবনের একটি মিনিটও তার চুক্তি পড়ে বা বিশ্লেষণ করে কাটাননি।

গত বছরের জুনে বার্সেলোনার হাই কোর্ট বলেছিল, মেসির আর্থিক বিষয়গুলো তার বাবা দেখাশুনা করলেও এ নিয়ে কী হচ্ছে তা না জানার জন্য তারকা এই ফুটবলারের শাস্তি থেকে রেহাই পাওয়া উচিৎ নয়।

২০১৩ সালের অগাস্টে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন।

পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসি বিশ্বের অন্যতম ধনী অ্যাথলেট।

আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ৬ জুন। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।

শুনানি শেষ করে কোপা আমেরিকায় খেলতে যেতে মেসির কোনো সমস্যা হবে না বলেই মনে করেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।